নিয়ন্ত্রণ হারিয়ে পরিস্থান পরিবহনের একটি বাস সড়ক ছেড়ে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালের ফটকের পাশের দেওয়ালে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু ও বেশ কয়েকজন আহত হয়েছেন।
রবিবার (২৬ জুলাই) সন্ধ্যা সোয়া ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পুলিশের ক্যান্টনমেন্ট অঞ্চলের সহকারী কমিশনার নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মিরপুর থেকে উত্তরাগামী পরিস্থান পরিবহনের একটি বাস কালশী ফ্লাইওভার থেকে নামার পর নিয়ন্ত্রণ হারায়। একপর্যায়ে বাসটি কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ফটকের পাশে থাকা জেনারেটর কক্ষের দেওয়ালে ধাক্কা দেয়। এ সময় সড়কে দাঁড়িয়ে থাকা রেডিসন ব্লু হোটেলের কর্মচারী রফিকুল ইসলাম নিহত হন। তিনি হোটেলটির ‘স্টোর কিপার’ হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ কর্মকর্তা আরও জানান, বাসটির চালক ও সহযোগীকে আটক করা হয়েছে। বাসটিও জব্দ করা হয়েছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
এসএ