নারী টি–টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে বৃহস্পতিবার (২৫ জুন) ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। সেমিফাইনালের লক্ষ্যে বিশ্বকাপে নিজেদের পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে নিগার সুলতানা জ্যোতির দল।
বিশ্বকাপের আগে করা পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশ নেদারল্যান্ডস ও পাকিস্তানের বিপক্ষে জয় পেয়েছে, তবে ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় প্রত্যাশা করা হয়নি। বর্তমানে ‘এফ’ গ্রুপে তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে বাংলাদেশ নেট রান রেটে চার নম্বরে অবস্থান করছে। সমান ম্যাচে ৪ পয়েন্ট করে নিয়ে ভারত ও দক্ষিণ আফ্রিকা যথাক্রমে দুই ও তিন নম্বরে রয়েছে। টানা চার জয়ে অস্ট্রেলিয়া তালিকার শীর্ষে আছে।
পাকিস্তানকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা বাংলাদেশ আজ মাঠে নামবে, অন্যদিকে দক্ষিণ আফ্রিকার কাছে ৬ উইকেটে হেরে কিছুটা দুঃসময়ের মধ্য দিয়ে যাওয়া ভারত আজকের ম্যাচে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নামবে।
ভারতের বিপক্ষে বাংলাদেশের মুখোমুখি পরিসংখ্যান অবশ্য কিছুটা একপেশে। এ পর্যন্ত দুই দলের ২৩ বারের দেখায় ভারত জিতেছে ২০টিতে এবং বাংলাদেশ জয় পেয়েছে মাত্র ৩টি ম্যাচে। ২০১৮ এশিয়া কাপে গ্রুপ পর্ব ও ফাইনালে এবং ২০২৩ সালে মিরপুরে দ্বিপাক্ষীয় সিরিজে ভারতকে হারানোর সুখস্মৃতি রয়েছে বাংলাদেশের।