মায়ের খোঁজে এক ছোট্ট মেয়ের সাহসী অভিযানের গল্প নিয়ে আগামী ৩০ জুন থেকে ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে দেখা যাবে ইস্পাহানি মির্জাপুর চা নিবেদিত বিশ্বনন্দিত চাইনিজ মাইক্রোড্রামা ‘সৌভাগ্যের ছোট্ট তারা’।
হৃদয়ছোঁয়া পারিবারিক ও ফ্যান্টাসি ঘরানার এই গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে ছোট্ট মেয়ে সু বাও। জন্মের পর নানা ভুল বোঝাবুঝি ও ষড়যন্ত্রের কারণে তাকে দুর্ভাগ্যের প্রতীক মনে করা হয়। অবহেলিত সু বাও একসময় মামাদের বাড়িতে আশ্রয় নিয়ে ভালোবাসা ও পরিবারের উষ্ণতা খুঁজে পায়।
এরপর নিজের অতীতের সত্য জানতে পেরে মাকে উদ্ধারের অভিযানে নামে সে। আধ্যাত্মিক গুরু এঞ্জেল মাস্টার জির সহায়তায় নানা রহস্য উন্মোচন ও বিপদ অতিক্রম করে সু বাও অবশেষে তার বন্দী মায়ের সন্ধান পায়। ভালোবাসা, সাহস ও পারিবারিক বন্ধনের শক্তিতে ভর করে সে মাকে মুক্ত করে এবং পরিবারের সবাইকে একত্রিত করতে সক্ষম হয়।
পারিবারিক আবেগ, রহস্য ও ফ্যান্টাসির মিশেলে নির্মিত ‘সৌভাগ্যের ছোট্ট তারা’ দর্শকদের জন্য হতে পারে একটি ভিন্নধর্মী অভিজ্ঞতা।