শিরোনাম
জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির চাকরির বাজার বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই যুক্তরাষ্ট্রে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব বৈষম্যবিরোধী মামলায় এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ সোমবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় পটুয়াখালীর উপকূলে অব্যাহত বৃষ্টিতে জনজীবনে দুর্ভোগ এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ভারতীয় ভিসা নিয়ে আইভ্যাকের নতুন নির্দেশনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ভারতীয় ভিসা নিয়ে আইভ্যাকের নতুন নির্দেশনা

ভারতীয় ভিসা আবেদনের অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়ায় নতুন এবং বেশ কিছু কঠোর নির্দেশনা জারি করেছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)।

সোমবার (১৫ জুন) প্রকাশিত এই নতুন নিয়মে ভিসা আবেদনের অ্যাপয়েন্টমেন্ট স্লট বুকিং, ওয়েবফাইল আপলোড এবং বিশেষ করে মেডিকেল ভিসার ক্ষেত্রে প্রধান কিছু পরিবর্তন আনা হয়েছে।

আইভ্যাকের নতুন নির্দেশনায় বলা হয়েছে, এখন থেকে প্রতিদিন দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সাইন–আপ এবং ওয়েবফাইল আপলোড করা যাবে। নির্ধারিত এই সময়ের মধ্যে যেসব আবেদনকারী সফলভাবে ওয়েবফাইল আপলোড সম্পন্ন করতে পারবেন, কেবল তাদের জন্যই বিকেল ৫টা থেকে অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের স্লট উন্মুক্ত করা হবে।

আবেদনকারীদের সতর্ক করে আইভ্যাক জানিয়েছে, আপলোড করা ওয়েবফাইলটি অবশ্যই মূল ভিসা আবেদনপত্রের আসল পিডিএফ কপি হতে হবে এবং সেটি কোনোভাবেই ৩০ দিনের বেশি পুরোনো হওয়া চলবে না। আবেদনের ক্ষেত্রে কোনো ধরনের পরিবর্তিত, এডিট করা বা বিকৃত ফাইল আপলোড করলে তা সরাসরি বাতিল বলে গণ্য হবে।

এদিকে মেডিকেল বা চিকিৎসার ভিসার ক্ষেত্রে নিয়মে আরও কড়াকড়ি আরোপ করা হয়েছে। নতুন নির্দেশনায় জানানো হয়, মেডিকেল ভিসা আবেদনকারীদের অবশ্যই ভারতের সেই নির্ধারিত হাসপাতালেই চিকিৎসা নিতে যেতে হবে, যে হাসপাতালের নাম উল্লেখ করে ভিসা ইস্যু করা হয়েছে। কোনো কারণে হাসপাতাল পরিবর্তনের প্রয়োজন হলে অবশ্যই ভারতের ‘ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস’ এর কাছ থেকে আগাম অনুমতি নিতে হবে।

আইভ্যাক স্পষ্ট জানিয়ে দিয়েছে, এফআরআরও–এর আনুষ্ঠানিক অনুমোদন ছাড়া হাসপাতাল পরিবর্তন করাকে সরাসরি ভারতীয় ভিসা বিধির লঙ্ঘন হিসেবে গণ্য করা হবে। এই নিয়ম অমান্য করলে সংশ্লিষ্ট ব্যক্তির ওপর ভবিষ্যতে ভারতে ভ্রমণের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।