দুবাইয়ে গ্রেপ্তার পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে ইঙ্গিত করে তাকে ‘শাপলার কসাই’ আখ্যা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাবেক প্রেস সচিব শফিকুল আলম।
রবিবার (১৪ জুন) সাবেক আইজিপির গ্রেপ্তারের খবরটি প্রকাশ্যে আসার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এই প্রতিক্রিয়া জানান তিনি।
ইংরেজিতে দেয়া ওই স্ট্যাটাসে শফিকুল আলম লেখেন, ‘দ্য বুচার অব শাপলা ইজ ডান!! নেক্সট ইন লাইন…!!’ যার বাংলা অর্থ দাঁড়ায়— ‘শাপলার কসাইয়ের অধ্যায় শেষ!! এবার পরবর্তী জনের পালা…!’
উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিল এলাকার শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী মামলার অন্যতম প্রধান অভিযুক্ত হলেন বেনজীর আহমেদ। ঘটনার সময় তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) প্রধান প্রসিকিউটরের বক্তব্য অনুযায়ী, ২০১৩ সালের ৫ ও ৬ মে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা ও চট্টগ্রামে এ পর্যন্ত ৫৮টি মৃত্যুর ঘটনা নিশ্চিত করা হয়েছে।