ঝিনাইদহের মহেশপুর উপজেলায় সুবিধাবঞ্চিত মানুষের সুপেয় পানির নিরাপত্তা নিশ্চিত করতে বিনামূল্যে ৬০টি টিউবওয়েল বিতরণ করেছে সেচ্ছাসেবী সংগঠন ‘দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি’। বুধবার (১৩ মে) উপজেলার আলহাজ্ব মহিজ উদ্দিন একাডেমী, রুলী বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব টিউবওয়েল হস্তান্তর করা হয়।
টিউবওয়েল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ–৩ আসনের সংসদ সদস্য মো. মতিয়ার রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নিরাপদ ও বিশুদ্ধ পানি মানুষের মৌলিক অধিকার। সুস্থ ও নিরাপদ জীবন নিশ্চিত করতে বিশুদ্ধ পানির প্রাপ্যতা অত্যন্ত জরুরি। বিশেষ করে গ্রামীণ জনপদে বিশুদ্ধ পানির সংকট বিভিন্ন পানিবাহিত রোগের ঝুঁকি বাড়িয়ে দেয়, যা জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের হুমকি। দেশের প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের কাছে নিরাপদ পানির সুবিধা পৌঁছে দিতে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করছে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি; যা অত্যন্ত প্রশংসনীয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক মুহাম্মদ খায়রুল বাশার, মহেশপুর উপজেলা সমাজসেবা অফিসার মো. মোস্তাফিজুর রহমান এবং আলহাজ্ব মহিজ উদ্দিন একাডেমির প্রধান শিক্ষক মোহা. আখতারুজ্জামান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার মো. সাজ্জাদ হোসেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন দোস্ত এইডের চুয়াডাঙ্গা শাখার এক্সিকিউট মো. রমজান আলী।
অনুষ্ঠানে বক্তারা জানান, সীমাবর্তী গ্রামীণ এলাকায় দীর্ঘদিন ধরে নিরাপদ পানির তীব্র সংকট বিরাজ করছে। ফলে নানা ধরনের স্বাস্থ্যঝুঁকির মুখে পড়তে হচ্ছে অসহায় মানুষদের। এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ স্বাস্থ্যঝুঁকি কমানোর পাশাপাশি মানুষের দৈনন্দিন জীবনকে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করে তুলবে। পাশাপাশি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
অনুষ্ঠান শেষে উপকারভোগীরা টিউবওয়েল বিতরণ কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।