দীপ্ত নিউজ
জাতীয়

জ্বালানি-বিদ্যুৎ সাশ্রয়: সপ্তাহে দুইদিন ভার্চুয়ালি চলবে হাইকোর্টে বিচারকাজ

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
জ্বালানি-বিদ্যুৎ সাশ্রয়: সপ্তাহে দুইদিন ভার্চুয়ালি চলবে হাইকোর্টে বিচারকাজ
হাইকোর্ট।

বিশ্বজুড়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করার লক্ষ্যে সপ্তাহে ২ দিন (বুধ ও বৃহস্পতিবার) হাইকোর্টে ভার্চুয়ালি বিচারকাজ পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

রবিবার (১৯ এপ্রিল) হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ নূরুল আমীন বিপ্লব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়ে, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় এবং জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করার লক্ষ্যে “আদালত কর্তৃক তথ্য–প্রযুক্তি ব্যবহার আইন, ২০২০: (২০২০ সনের ১১ নং আইন) এবং অত্র কোর্ট কর্তৃক জারিকৃত প্রাকটিস ডাইরেকশন অনুসরণ করত” তথ্য প্রযুক্তি ব্যবহার করে প্রতি সপ্তাহে ২ (দুই) দিন বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগে ভার্চুয়াল কোর্ট পরিচালনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সুপ্রীম কোর্ট, হাইকোর্ট বিভাগের একক বেঞ্চে কর্মরত সকল বেঞ্চ অফিসারকে এবং দ্বৈত বেঞ্চ থেকে যেকোনো একজন বেঞ্চ অফিসারকে তাদের ই–মেইল আইডি, পাসওয়ার্ড ও মোবাইল নাম্বারসহ নিজে অথবা তার প্রতিনিধি বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের আইটি শাখায় উপস্থিত হয়ে আগামী ২০ এপ্রিল ২০২৬ এর মধ্যে জুম আইডি ও পাসওয়ার্ড সংগ্রহ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ প্রদান করা হলো।

উল্লেখ্য, দীর্ঘ অবকাশকালীন ছুটি শেষে সুপ্রিম কোর্টে রবিবার (১৯ এপ্রিল) সকাল থেকে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হয়। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী হাইকোর্টের ৬৩টি বেঞ্চ গঠন করে দিয়েছেন। যেখানে ২৯টি একক ও ৩৪টি দ্বৈত বেঞ্চ রয়েছে।

 

এসএ