সম্প্রতি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি উন্মুক্ত কৃষিজমিতে ড্রোন-ভিত্তিক কৃষি কার্যক্রমের প্রদর্শনী চালানো হয়। এই প্রদর্শনীর আওতায় কৃষিজমিতে ড্রোন ব্যবহার করে ইউরিয়া সার স্প্রে করা হয়। আশা করা যাচ্ছে, এর ফলস্বরূপ কৃষকের কৃষি খরচ সাশ্রয় এবং সময় বাঁচানোর মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধির এক নতুন যুগের সূচনা হবে।
দিনব্যাপী এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মোশাররফ হোসেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ এরশাদুল হক, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, এফএমপিই বিভাগ, গাজীপুর এবং মোসা. রাজিয়া সুলতানা, উপজেলা কৃষি অফিসার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, যশোর সদর উপজেলা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. মোহাম্মদ জাভেদ হোসেন খান, চেয়ারম্যান, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এছাড়াও উইগ্রো-র পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চিফ এক্সিকিউটিভ অফিসার মো. মাহমুদুর রহমান এবং হেড অফ বিজনেস এক্সপানশন এন্ড স্ট্র্যাটেজি শাকিল আহমেদ শুভ।
উইগ্রো-র পক্ষ থেকে এই প্রকল্পে অংশ নেওয়ার জন্য বারি (বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট)-কে আন্তরিক ধন্যবাদ জানানো হয়। তাদের সহযোগিতার মাধ্যমে এই প্রকল্পটি ক্রমান্বয়ে সাফল্যের দিকে এগিয়ে চলেছে। ড্রোন প্রযুক্তির এই প্রয়োগ বাংলাদেশের কৃষি খাতে প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে কৃষকদের জন্য এক নতুন যাত্রার সূচনা করবে বলে উভয় পক্ষই বিশ্বাস করে।
উইগ্রো-র পক্ষ থেকে জানানো হয়, এটি তাদের বৃহত্তর পরিকল্পনার অংশ; যা কৃষকদের জন্য আধুনিক প্রযুক্তির সুবিধা নিশ্চিত করবে, যাতে তারা তাদের কৃষি কাজ আরও সহজ ও লাভজনকভাবে করতে পারে।