মঙ্গলবার, মার্চ ৩১, ২০২৬
মঙ্গলবার, মার্চ ৩১, ২০২৬

জ্বালানি সংকট: শিক্ষাব্যবস্থায় অনলাইন-অফলাইন সমন্বিত পদ্ধতি চিন্তা করছে সরকার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
বৈশ্বিক জ্বালানি সংকট ও হাম প্রাদুর্ভাবের কারণে স্কুল পর্যায়ে অনলাইন ও অফলাইন সমন্বিত পদ্ধতিতে দেশের শিক্ষাব্যবস্থা চালুর চিন্তা করছে সরকার।

বৈশ্বিক জ্বালানি সংকট ও হাম প্রাদুর্ভাবের কারণে স্কুল পর্যায়ে অনলাইন ও অফলাইন সমন্বিত (ব্লেন্ডেড) পদ্ধতিতে দেশের শিক্ষাব্যবস্থা চালুর চিন্তা করছে সরকার। এ বিষয়ে নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা চলছ, শিগগিরই মন্ত্রিসভা বৈঠকে প্রস্তাব উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।

মঙ্গলবার (৩১ মার্চ) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘রোজা ছুটি, বিভিন্ন আন্দোলনসহ নানা কারণে কিছু ক্লাস কম হয়েছে। ক্ষতি পুষিয়ে নিতে এখন থেকে দেশের স্কুলগুলো ৫ দিনের পরিবর্তে সপ্তাহে ৬ দিন ক্লাস খোলা রেখে অন্তত তিন দিন অনলাইনে ক্লাস চালু রাখার চিন্তা রয়েছে। বিশেষ করে মেট্রোপলিটন এলাকাগুলোতে অনলাইন ভিত্তিক ক্লাস চালুর ব্যাপারে ৫৫ শতাংশ মানুষ একমত হয়েছে।

তিনি বলেন, সম্পূর্ণ অনলাইন শিক্ষা চালু করা হলে শিক্ষার্থীরা সামাজিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে—এ বিষয়টিও গুরুত্বসহকারে বিবেচনা করছে সরকার।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করছি। আগামী বৃহস্পতিবার (২ এপ্রিল) মন্ত্রিসভা বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হবে এবং সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

শিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিকভাবে স্কুল পর্যায়ে এ পদ্ধতি চালুর বিষয়ে বেশি গুরুত্ব দেওয়া হলেও কলেজ পর্যায়েও তা প্রযোজ্য হতে পারে কি না, সে বিষয়েও আলোচনা চলছে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More