আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ১২টি সিটি করপোরেশনের মধ্যে ঢাকাসহ দেশের ৫ সিটিতে মেয়র পদে দলীয় প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রবিবার (২৯ মার্চ) রাতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন এনসিপি আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
ঘোষণা অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) থেকে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) থেকে মনোনয়ন পেয়েছেন দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তর এনসিপি আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব।
এছাড়া, রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচনে লড়বেন রাজশাহী মহানগর এনসিপি আহ্বায়ক মোবাশ্বের আলী, সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন সিলেট মহানগর আহ্বায়ক অ্যাডভোকেট মো. আবদুর রহমান আফজাল ও কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে এনসিপি মনোনিত প্রার্থী তরিকুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করবেন।
সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে যথেষ্ট সন্দেহ আছে।
তিনি আরও জানান, দ্রুত সময়ের মধ্যে বাকি সিটি করপোরেশন ও অন্যান্য স্থানীয় সরকার নির্বাচনের প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।
এসএ