বিশ্ব ঐতিহ্যের ষাটগম্বুজ মসজিদ এ বাগেরহাট জেলার প্রধান ঈদুল ফিতরের জামায়াত ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন। ঈদকে সামনে রেখে মসজিদ প্রাঙ্গণ ও আশপাশে নেওয়া হয়েছে ব্যাপক পরিষ্কার–পরিচ্ছন্নতা কার্যক্রম। পাশাপাশি রঙিন আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে পুরো এলাকা, যা রাতের বেলায় তৈরি করবে মনোমুগ্ধকর ও উৎসবমুখর পরিবেশ।
প্রতিবারের মতো এবারও ঐতিহাসিক মসজিদেই অনুষ্ঠিত হবে জেলার প্রধান ঈদের জামায়াত। মুসল্লীদের ব্যাপক উপস্থিতির কথা বিবেচনায় রেখে তিনটি পৃথক জামাতের আয়োজন করা হয়েছে।
প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টা ৩০ মিনিটে। এতে ইমামতি করবেন খানজাহান (রহ.) মাজার সংলগ্ন মসজিদের খতিব হাফেজ মাওলানা মো. খালিদ। দ্বিতীয় জামাত শুরু হবে সকাল ৮টা ১৫ মিনিটে। এতে ইমামতি করবেন ষাটগম্বুজ মসজিদ–এর ইমাম ও খতিব মো. নাসির উদ্দিন।
তৃতীয় ও শেষ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। এতে ইমামতি করবেন বায়তুশ শরফ এতিমখানার সুপারিন্টেন্ডেন্ট হাফেজ মাওলানা মো. এনামুল হক।
বাগেরহাট প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাস্টোডিয়ান মো. যায়েদ বলেন, জেলার প্রধান ঈদের নামাজ যথারীতি এখানে অনুষ্ঠিত হবে। তিনটি জামাতে সর্বমোট প্রায় ছয় হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে। এর মধ্যে মসজিদের ভেতরে একসাথে প্রায় দেড় হাজার এবং বাইরে অতিরিক্ত পাঁচ শতাধিক মুসল্লির জন্য ব্যবস্থা রয়েছে।