চিকিৎসাধীন বিএনপি স্থায়ী কমিটি সদস্য ও প্রধানমন্ত্রী’র রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়েছে।
বিএনপি স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ড সবকিছু পর্যালোচনা করে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়। সেই অনুযায়ী কিছুক্ষণ আগে তার অপারেশন সম্পন্ন হয়েছে।
ডা. রফিক জানান, এর আগে সকালে উনার সিটি স্ক্যান করা হয়েছিল। সেই রিপোর্টে অবস্থার অবনতি দেখা দিলে দ্রুত একটি ভার্চুয়াল মেডিকেল বোর্ড বসে এবং সব কিছু পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেয়। এ বিষয়ে পরিবারের সদস্যদের সম্মতিও নেয়া হয়েছে।
তিনি আরও জানান, মেডিকেল বোর্ডে রয়েছেন– অধ্যাপক আলী উজ্জামান জোয়ার্দার, অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক রাজিউল হক, সৈয়দ অধ্যাপক সাঈদ আহমেদ, অধ্যাপক কাদের শেখ, অধ্যাপক শফিকুল ইসলামসহ এভারকেয়ার হাসপাতাল চিকিৎসকরা।
এর আগে, জুমার নামাজের পর প্রধানমন্ত্রী তারেক রহমান এভারকেয়ার হাসপাতাল আসেন। মেডিকেল বোর্ড পক্ষ থেকে তাকে বিস্তারিত অবহিত করা হয়।
উল্লেখ্য, বুধবার (১১ মার্চ) ইফতারের পর মির্জা আব্বাস অসুস্থ হয়ে পড়েন। রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
এসএ