সড়ক দুর্ঘটনা রোধ এবং দুর্ঘটনাজনিত হতাহতের সংখ্যা কমানোর লক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধির জন্য মাসব্যাপী কর্মসূচি শুরু হয়েছে ঢাকায়। সড়ক নিরাপত্তা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে আসা বেসরকারি প্রতিষ্ঠান সুইফট সলিউশনের উদ্যোগে এ কর্মসূচি আয়োজিত হচ্ছে।
রবিবার (১ মার্চ) ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি উদ্বোধনী করা হয়।
অনুষ্ঠানে বক্তারা সড়ক নিরাপত্তা নিশ্চিতে আইন মেনে চলা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং এ ক্ষেত্রে সবার অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।
তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়; প্রয়োজন সম্মিলিত সচেতনতা ও দায়িত্বশীল আচরণ। চালক, পথচারী ও সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগেই নিরাপদ সড়ক নিশ্চিত করা সম্ভব।
সুইফট সলিউশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান পলাশ বলেন, রাস্তায় যারা যানবাহন চালান তাদের অনেকেরই ট্রাফিক আইন সম্পর্কে মৌলিক ধারণা নেই যার কারণে প্রতিবছর শত শত দুর্ঘটনা ঘটছে।
তিনি বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সবার সক্রিয় অংশগ্রহণ এবং সচেতনতাই পারে একটি নিরাপদ দেশ গড়ে তুলতে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সুইফট সলিউশনের নিরাপত্তা পরামর্শক মো. জিয়াউল আহসান, উপদেষ্টা শিয়াবুর রহমান শিহাব, পরিচালক শরীফ হোসেন হৃদয়সহ অন্য কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকরা।
এ সময় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও গাড়ির স্টিকার বিতরণ করা হয়। পাশাপাশি ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে সড়ক নিরাপত্তাবিষয়ক বার্তা প্রচার করা হয়।
এ কর্মসূচির আওতায় চলতি মাসে পর্যায়ক্রমে রাজধানীর গাবতলী, মহাখালী, বনানী, বিজয় সরণি ও খামারবাড়িসহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হবে।