দিনাজপুরের নবাবগঞ্জে সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফিরোজ কবির (৪২) নামের এক ব্যক্তির নিহত হয়েছে ।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের গোলাপগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, নবাবগঞ্জ–বিরামপুর সড়কে দ্রুতগামী একটি সিএনজি ও মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেল আরোহী ফিরোজ কবির গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ফিরোজ কবির নবাবগঞ্জ উপজেলার ফতেপুর মাড়াষ গ্রামের নওশাদ আলীর দ্বিতীয় সন্তান। তিনি স্থানীয় বাজারে ফিরোজ টেলিকম নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ছিলেন।
এ বিষয়ে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু দে জানান, নিহতের মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করছে।
সুলতান মাহমুদ/এজে/দীপ্ত সংবাদ