বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ও বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা. জুবাইদা রহমান বলেছেন, সমতাভিত্তিক, জ্ঞানভিত্তিক ও শ্রমের মর্যাদাভিত্তিক রাষ্ট্র গড়তে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
বুধবার (০৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির পেশাজীবী বিভাগ আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আজ আমাদের সামনে গৌরবের নতুন সূর্যোদয়। আমরা বিশ্বাস করি— আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা; সবার আগে বাংলাদেশ। তাই একটি সমতাভিত্তিক, জ্ঞানভিত্তিক ও শ্রমের মর্যাদাভিত্তিক রাষ্ট্র গড়তে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
মতবিনিময় সভায় বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের কথা উল্লেখ করে ডা. জুবাইদা রহমান বলেন, কড়াইল সাততলা এলাকা থেকে আসা তিনজন নারী, দু’জন পোশাকশ্রমিক এবং একজন পরিবহন শ্রমিকের কাছ থেকে তাদের হৃদয় বিদারক সমস্যার কথা শুনেছি। এসব সমস্যা সাধারণ মানুষের বাস্তব জীবনের প্রতিচ্ছবি।
ভেদাভেদের আগে সমতা এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য উল্লেখ করে তিনি বলেন, বিএনপি সবার জন্য সমান সুযোগ, শ্রমের মর্যাদা ও মেধার মূল্যায়নে বিশ্বাস করে। মেধাভিত্তিক চাকরি, ন্যায্য অধিকার এবং শোষণের আগে সুবিচার প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য।
সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে জুবাইদা রহমান বলেন, আমাদের সবারই নানা ধরনের সমস্যা রয়েছে। তবে সবাই মিলে সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমেই এসব সমস্যার কার্যকর সমাধান সম্ভব।
সভায় উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে ডা. জুবাইদা রহমান বলেন, আপনারা আপনাদের মূল্যবান সময় দিয়ে এখানে এসেছেন, আমাদের কথা শুনেছেন এবং নিজেদের সমস্যার কথা তুলে ধরেছেন। আমরা আপনাদের সমস্যাগুলো আরো মনোযোগ দিয়ে শুনবো, জানবো এবং সমাধানের পথ খুঁজবো।
মতবিনিময় সভায় ঢাকা–১৭ আসনে নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং ঢাকা–১৭ আসনে দলটির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম প্রমুখ।