দীপ্ত নিউজ
জাতীয়

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৬
প্রতীকী ছবি

দেশজুড়ে ডেঙ্গু পরিস্থিতি আবারও উদ্বেগজনক রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২৬ জন। এ সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ২ জনের।

বুধবার (২৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে বরিশাল বিভাগে। বিভাগটির সিটি করপোরেশনের বাইরে এলাকায় ১১৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।

এছাড়াও, চট্টগ্রাম বিভাগে ৪৩ জন, ঢাকা বিভাগের বাইরের এলাকায় ৪৩ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৬ জন, খুলনা বিভাগে ১৬ জন, রাজশাহী বিভাগে ২৯ জন, ময়মনসিংহে ৫ জন এবং সিলেট বিভাগে ১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এদিকে, একই সময়ে ডেঙ্গু থেকে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩১৯ জন। চলতি বছর (২০২5 সালের শুরু থেকে ২৫ জুন পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৮ হাজার ৮৭০ জন এবং চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ৭ হাজার ৭৪৯ জন। এ সময়ের মধ্যে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩৬ জনের।

উল্লেখ, গত বছর (২০২৪ সাল) দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের। এর আগের বছর ২০২৩ সালে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন এবং মৃত্যু হয়েছিল ১ হাজার ৭০৫ জনের—যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

বিশেষজ্ঞরা বলছেন, চলতি মৌসুমে ডেঙ্গু নিয়ন্ত্রণে না আনতে পারলে পরিস্থিতি আবারও ভয়াবহ আকার নিতে পারে। তারা সময়মতো মশা নিধন কার্যক্রম জোরদার এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।