প্রস্তুতি পর্বে ভুটানকে হারিয়ে দাপুটে জয় পেল বাংলাদেশ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

দীর্ঘ ১৬৫৯ দিন পর ঢাকা জাতীয় স্টেডিয়ামে ফিরলো ফুটবল। ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ভুটানের বিপক্ষে জয় দিয়ে আগামী এশিয়ান কাপ বাছাইপর্বের প্রস্তুতি শুরু করল বাংলাদেশ জাতীয় ফুটবল দল।

বুধবার (৪ জুন) সন্ধ্যায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ২–০ গোলের জয় পেয়েছে লাল–সবুজ জার্সিধারীরা।

দেশের মাটিতে প্রথমবারের মতো খেললেন হামজা চৌধুরী। পাশাপাশি লাল–সবুজ জার্সিতে এই ম্যাচ দিয়ে অভিষিক্ত হন ইতালি প্রবাসী ফুটবলার ফাহমেদুল ইসলাম।

বাংলাদেশের শুরুটাও ছিল দারুণ। ম্যাচের মাত্র ৬ মিনিট, কর্নার নিতে এগিয়ে গেলেন অধিনায়ক জামাল ভূঁইয়া। ভুটানের রক্ষণে খেলোয়াড়দের ভিড়। সেই ভিড়ের মধ্যে হামজা চৌধুরী নামের এক সাহসী যোদ্ধার নিখুঁত হেড, বল ছুঁয়ে গেল ভুটানের জাল। অভিষেক ম্যাচে গোল করে দর্শকদের বাহবা কুড়ান ইংলিশ লিগে খেলা ২৭ বছর বয়সী মিডফিল্ডার হামজা চৌধুরী।

এই গোলের পর প্রথমার্ধে এগিয়ে যাওয়ার আরও ভালো কিছু সুযোগ পেয়েছিল বাংলাদেশ। তবে ফিনিশিং টাচ দিতে না পারায় ম্যাচের ৩০ ও ৩১ মিনিটে দুটি সুযোগ হাতছাড়া করেছেন ফাহমেদুল।

প্রথমার্ধে ১–০ ব্যবধানে এগিয়ে থেকে টানেলে ফেরে স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধের শুরুতেই তিনটি পরিবর্তন আনেন কোচ ক্যাবরেরা। হামজা, কাজেম ও তারিকের বদলে মাঠে নামেন ইব্রাহিম, মোরসালিন ও হৃদয়।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ। ৫০ মিনিটে বক্সের বাইরে থেকে রকেট গতির এক শটে জাল কাঁপান সোহেল রানা।

পুরো ম্যাচ জুড়েই বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল বাংলাদেশ। ভুটান একাধিকবার গোলমুখে আক্রমণ করলেও, গোলরক্ষক আনিসুর রহমান জিকোর দৃঢ়তায় কোনো সুযোগ কাজে লাগাতে পারেনি সফরকারীরা।

এ জয়ের মধ্য দিয়ে আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে ২০২৬ বিশ্বকাপ ও ২০২৭ এশিয়ান কাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল বাংলাদেশ।

বাংলাদেশ দল:

মিতুল মারমা, সাদ উদ্দিন, তপু বর্মণ, তাজ উদ্দিন, তারিক কাজী, সোহেল রানা, হামজা চৌধুরী (রিদয়), ফাহামিদুল ইসলাম (ফাহিম), জামাল ভূঁইয়া (মোরছালিন), কাজেম শাহ ( ইব্রাহিম) ও রাকিব হোসেন ( আল আমিন)। ব্র্যাকেটে বদলি খেলোয়াড়।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More