দীপ্ত নিউজ
জাতীয়

২৪ ঘণ্টার ব্যবধানে সোনার দাম বাড়ল ভরিতে ৫৩৪২ টাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
২৪ ঘণ্টার ব্যবধানে সোনার দাম বাড়ল ভরিতে ৫৩৪২ টাকা

মাত্র একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেট প্রতি ভরি স্বর্ণে (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ৫ হাজার ৩৪২ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৭ হাজার ৮৮৮ টাকা। এতে অতীতের সব রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় উঠল সোনা।

মঙ্গলবার (২২ এপ্রিল) বাজুস মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) থেকে নতুন এ দাম কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেট প্রতি ভরি স্বর্ণে ৫ হাজার ৩৪২ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৭ হাজার ৮৮৮ টাকা। ২১ ক্যারেট এক ভরি স্বর্ণে ৫ হাজার ১০৯ টাকা বাড়িয়ে ১ লাখ ৬৯ হাজার ৮০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ১৮ ক্যারেট এক ভরি স্বর্ণে ৪ হাজার ৩৭৪ টাকা বাড়িয়ে নতুন দাম ১ লাখ ৪৫ হাজার ৫৪৩ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণে ৩ হাজার ৭৩২ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ২০ হাজার ৫১২ টাকা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার–নির্ধারিত পাঁচ শতাংশ ভ্যাট ও বাজুস–নির্ধারিত ন্যূনতম মজুরি ছয় শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

এর আগে, সবশেষ সোমবার (২১ এপ্রিল) ভরিতে ৪ হাজার ৭১৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৭২ হাজার ৫৪৬ টাকা।

 

এসএ