বেতন-বোনাস বাকি: ১২ কারখানা মালিকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

সরকারের বেঁধে দেওয়া সময়ের মধ্যে শ্রমিকদের বেতন–বোনাস যথাসময়ে পরিশোধ না করায় ১২টি কারখানা মালিকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার।

মঙ্গলবার (২৫ মার্চ) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ২৭ মার্চের মধ্যে পোশাক কারখানার শ্রমিকদের বেতন–ভাতা পরিশোধ করার কথা থাকলেও ১২টি কারখানা নির্ধারিত সময়ে বেতন–ভাতা পরিশোধ করতে পারছে না বলে জানিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যারা বেতন–ভাতা পরিশোধ করতে পারছে না তাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

শ্রম উপদেষ্টা আরও বলেন, স্বরাষ্ট মন্ত্রণালয় থেকে ইমিগ্রেশনে তাদের বিষয়ে তথ্য দেওয়া হয়েছে। আজ (মঙ্গলবার) থেকেই এ নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। শ্রম আইন অনুযায়ী এদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।

১২ কারখানার বাইরে অন্য কারখানা শ্রমিকদের বেতন পরিশোধ না করলে তাদের বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হবে? এমন প্রশ্নের উত্তরে এম সাখাওয়াত হোসেন বলেন, ২৭ মার্চের মধ্যে সব কারখানার শ্রমিকদের বেতন–বোনাস পরিশোধ করতে হবে। ২৭ মার্চের পর আমরা বিষয়টি পর্যালোচনা করবো। যদি আরও কোনো প্রতিষ্ঠান শ্রমিকদের বেতন–বোনাস পরিশোধ করতে না পারে তাদের বিরুদ্ধেও সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More