মহিলা চালক ও মহিলা কন্ডাক্টর দ্বারা পরিচালিত বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) পিংক রঙের ‘মহিলা বাস’ সার্ভিস চালু হচ্ছে আগামী মঙ্গলবার (১৮ আগস্ট)।
বিএনপি সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন কার্যক্রমের অংশ হিসেবে গণপরিবহনে নারীদের জন্য চালু হচ্ছে বিশেষ এই বাস সার্ভিস।
রবিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় বিআরটিসি জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আগামী ১৮ আগস্ট সকাল ১০টায় রাজধানীর তেজগাঁও বিআরটিসি ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে ‘মহিলা বাস সার্ভিস’ পরিচালনা কার্যক্রম উদ্বোধন করা হবে। সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম এ কার্যক্রমের উদ্বোধন করবেন।
বিআরটিসি জানিয়েছে, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন কার্যক্রমের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ এই বাস সার্ভিসে চালক ও কন্ডাক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন নারী।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক।
বিআরটিসি চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এসএ