দীপ্ত নিউজ
ধর্ম

হজের আনুষ্ঠানিকতা শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
হজের আনুষ্ঠানিকতা শুরু

লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনি ও কাবা প্রদক্ষিণের মাধ্যমে শুরু হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। ইতিহাসে এবারই সবচেয়ে বেশি হাজির পদচারণায় মুখরিত হবে কাবা প্রাঙ্গণ।

রবিবার (২৫ জুন) কাবা ঘর প্রদক্ষিণ করেন বিশ্বের ১৬০টি দেশ থেকে আসা লাখ লাখ হাজি। সোমবার (২৬ জুন) সারা দিন ও সারা রাত অবস্থানের মধ্য দিয়ে পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হবে।

সেখানে মহান সৃষ্টিকর্তা আল্লাহর মেহমানরা ইবাদত বন্দিগিতে মশগুল থাকবেন। রবিবার মক্কায় জোহরের নামাজের পর কেউ হেঁটে, কেউ গাড়িতে চড়ে মিনার উদ্দেশে ছুটছেন। মিনা থেকেই মূলত পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। হজের অংশ হিসেবে মুসল্লিরা মিনা, আরাফাত ময়দান, মুজদালিফা, মক্কায় পাঁচদিন অবস্থান করবেন।

এ বছর ২৫ লাখ মুসল্লির সমাগম ঘটবে বলে ধারণা করা হচ্ছে। সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন, ‘এ বছর আমরা ইতিহাসের সবচেয়ে বড় হজযাত্রার সাক্ষী হবো। নেওয়া হয়েছে পর্যাপ্ত ব্যবস্থা।‘

৯ জিলহজ হজের অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে আরাফাত ময়দানে অংশগ্রহণ। মিনা থেকে এসে হাজিরা এখানে খুতবা শোনার পর একই সঙ্গে জোহর ও আসরের নামাজ সংক্ষিপ্তভাবে আদায় করবেন। হজ কবুল হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া ও কোরআন তেলওয়াতের মাধ্যমে সূর্যাস্তের অপেক্ষা করবেন। ১০ জিলহজ সূর্যাস্তের পর হাজিরা মাগরিবের নামাজ আদায় না করেই আরাফাতের ময়দান থেকে রওনা দেবেন মুজদালিফার দিকে। সেখানে পৌঁছে মাগরিব ও এশার নামাজ একসঙ্গে আদায় করবেন তারা। এখানে খোলা আকাশের নিচে রাত্রিযাপন করবেন।

তারপর মিনার জামারায় (প্রতীকী) শয়তানকে নিক্ষেপের জন্য পাথর সংগ্রহ করবেন। এরপর ফজরের নামাজ শেষে হাজিরা আবার ফিরবেন মিনায়। পরদিন সকালে জামারাতে পাথর নিক্ষেপ ও পশু কোরবানির পর পুরুষরা মাথা মুণ্ডন করে ইহরাম ত্যাগ করবেন। পবিত্র কাবা শরিফে বিদায়ী তাওয়াফ করে হজের পূর্ণ আনুষ্ঠানিকতা শেষ করবেন হাজিরা।

 

আফ/দীপ্ত নিউজ