শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
UPCOMING

FIXTURES

FIFA 2026 NEXT MATCH
MATCH -- ROUND -
- - -
VS
- - -
KICK OFF:
Processing...
শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাধীনতা ঘোষণার মাঝেই বেলুচিস্তানে হামলা, ৪৫ সেনা নিহত

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে একটি নিরাপত্তা বাহিনীর বহরে হামলার ঘটনায় অন্তত ৪৫ জন সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)। স্থানীয় সংবাদমাধ্যম দ্য বেলুচিস্তান পোস্ট জানিয়েছে, মাসতুং এলাকার কাছে এ হামলার ঘটনা ঘটে।

পাকিস্তান সেনাবাহিনী হামলার বিষয়টি নিশ্চিত করলেও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে হতাহতের কোনো সংখ্যা প্রকাশ করেনি। ফলে বিএলএর দেওয়া দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

বিএলএ এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করে জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর মূল বহর, বহরের নিরাপত্তায় নিয়োজিত সদস্য এবং পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছানো অতিরিক্ত সেনাদের লক্ষ্য করে সুপরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়। সংগঠনটির মুখপাত্র জিয়ান্দ বালুচ দাবি করেছেন, বিবৃতি প্রকাশের সময়ও তাদের যোদ্ধাদের সঙ্গে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর তুমুল সংঘর্ষ চলছিল। এই কারণে সেনাসদস্যদের হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও তিনি উল্লেখ করেন।

এদিকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর ওপর ধারাবাহিক হামলার পর পাকিস্তান সেনাবাহিনী ‘অপারেশন শাবান’ নামে একটি বড় ধরনের যৌথ অভিযান শুরু করেছে। এতে সেনাবাহিনী, ফ্রন্টিয়ার কোর, বেলুচিস্তান পুলিশ, গোয়েন্দা সংস্থা এবং বিমানবাহিনী একসঙ্গে অংশ নিচ্ছে। পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেছেন, হামলার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে এই চিরুনি অভিযান অব্যাহত থাকবে।

এরই মধ্যে বেলুচিস্তানের স্বাধীনতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে জল্পনা শুরু হয়েছে। সম্প্রতি মীর ইয়ার বালুচ নামে এক ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দাবি করেন, বেলুচিস্তান ইতিমধ্যে স্বাধীনতা ঘোষণা করেছে এবং প্রদেশটির অধিকাংশ এলাকার নিয়ন্ত্রণ তাদের হাতে রয়েছে। তবে পাকিস্তান সরকারের পক্ষ থেকে নাকচ করে দেওয়া এই দাবিরও স্বাধীনভাবে কোনো সত্যতা নিশ্চিত করা যায়নি।

ইরান ও আফগানিস্তান সীমান্তবর্তী খনিজসমৃদ্ধ বেলুচিস্তান পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ এবং ভূরাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীনের শত কোটি ডলারের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের (বিআরআই) অংশ গওয়াদর গভীর সমুদ্রবন্দরও এই প্রদেশে অবস্থিত হওয়ায় অঞ্চলটির নিরাপত্তা নিয়ে বেইজিং ও ইসলামাবাদের উদ্বেগ বাড়ছে। চলতি মাসের শুরু থেকে বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর ওপর একাধিক হামলার ঘটনা ঘটেছে, যার কয়েকটির দায় বিএলএ এবং অন্য কয়েকটির সঙ্গে নিষিদ্ধ ঘোষিত তেহরিকতালেবান পাকিস্তান (টিটিপি) জড়িত থাকার দাবি করেছে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More