কক্সবাজার সৈকতে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যু

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
কক্সবাজার সমুদ্র সৈকতে প্যারাসেইলিং করতে গিয়ে আকাশ থেকে সমুদ্রে পড়ে অক্ষর শৌভিক রায় (৩১) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।

কক্সবাজার সমুদ্র সৈকতে প্যারাসেইলিং করতে গিয়ে আকাশ থেকে সমুদ্রে পড়ে অক্ষর শৌভিক রায় (৩১) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।

শনিবার (১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজারটেকনাফ মেরিন ড্রাইভের দরিয়ানগর সৈকতে এ ঘটনা ঘটে।

নিহত অক্ষর শৌভিক রায় খুলনা সদর উপজেলার বানিয়াখামার এলাকার স্যার ইকবাল সড়কের বাসিন্দা শেখর রায়ের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত শৌভিক রায়সহ ৯ জন যুবক খুলনা থেকে কক্সবাজার বেড়াতে আসেন। আজ দুপুর ১২টার দিকে শৌভিক তাঁর বন্ধুদের নিয়ে দরিয়ানগর সৈকতে যান। এরপর ২ হাজার টাকায় টিকিট কেটে আকাশে ওড়ার জন্য প্রস্তুতি নেন। দুপুর ১২টার সময় তাঁকে প্যারাসেইলিংয়ে বেঁধে আকাশে ওড়ানো হয়। প্যারাসেইলিং ৩০০৪০০ ফুট ওঠার পর হঠাৎ শৌভিক রায় নিচে বঙ্গোপসাগরে ছিটকে পড়েন।

শৌভিকের সঙ্গে বেড়াতে আসা একজন যুবক বলেন, ‘প্যারাসেইলিং থেকে যখন শৌভিক সমুদ্রের পানিতে ছিটকে পড়ছিলেন, তখন উদ্ধারের কোনো ব্যবস্থা ছিল না। দরিয়ানগরে কোনো লাইফগার্ড চোখে পড়েনি। একটি স্পিডবোট তখন শৌভিককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়, ততক্ষণে সব শেষ।’

কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সুবক্তগীন মোহাম্মদ সোহেল বলেন, দুপুর ২টা ১০ মিনিটে অক্ষর সৌভিক রায়কে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সমুদ্রে পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন কক্সবাজার সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) শেখ মোহাম্মদ আলী।

তিনি বলেন, নিহত পর্যটকের মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বৈরী পরিবেশে প্যারাসেইলিং পরিচালনা এবং পর্যটকের মৃত্যুর বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More