জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীর‘কে আবারও সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে। একই সঙ্গে তাকে কারণ দর্শানোর নোটিশও দিয়েছে দলটি।
শুক্রবার (৩১ জুলাই) রাতে এনসিপি দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিটি নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করেছে এনসিপি।
এতে বলা হয়েছে, ‘আপনার (গাজী সালাউদ্দিন তানভীর) বিরুদ্ধে গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এরকম একটি মন্তব্য করতে দেখা গেছে। উক্ত বিষয়ের গুরুত্ব বিবেচনায় কেন্দ্রীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে আপনাকে অবিলম্বে সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হলো।’
চিঠিতে আরও বলা হয়, ‘একইসঙ্গে, কেন আপনার বিরুদ্ধে সংগঠনের গঠনতন্ত্র ও শৃঙ্খলা বিধি অনুযায়ী পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আপনার লিখিত আত্মপক্ষ সমর্থন, প্রয়োজনীয় তথ্য–প্রমাণ ও ব্যাখ্যা এই নোটিশ প্রাপ্তির ০২ (দুই) কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির নিকট দাখিল করার জন্য নির্দেশ প্রদান করা হলো।’
এর আগে, সচিবালয়ে প্রবেশ করে জেলা প্রশাসক নিয়োগে হস্তক্ষেপ এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) পাঠ্যবই ছাপার কাজে কমিশন বাণিজ্যে জড়ানোর অভিযোগ উঠলে আলোচিত হন এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর। সমালোচনার মুখে ২০২৫ সালের এপ্রিলে তাঁকে এনসিপি থেকে অব্যাহতি দেয়া হয়। ১ বছর তিনি দলের বাইরে ছিলেন।
তবে শেষ পর্যন্ত অভিযোগ প্রমাণিত না হওয়ায় গত ১৬ এপ্রিল সালাউদ্দিনকে আবার দলে নেয়া হয়। এর সাড়ে ৩ মাসের মাথায় তিনি আবার দল থেকে সাময়িক অব্যাহতি পেলেন।
এসএ