সব উইকেটই বিশেষ, তবে স্মিথেরটা আলাদা: হাসান মাহমুদ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ডারউইন অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টের প্রথম দিনটা স্বপ্নের মতো কেটেছে হাসান মাহমুদের। ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৬ উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে অলআউট করার অন্যতম নায়ক এই পেসার। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে নিজের বোলিং, প্রস্তুতি ও সতীর্থদের অবদান নিয়ে কথা বলেছেন এই পেসার।

হাসান বলেন, ‘বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে বোলিং করাটা চ্যালেঞ্জিং ছিল। আমার প্রস্তুতি খুব ভালো ছিল। আমাদের বোলাররাও খুবই ভালো করেছে, বিশেষত তাসকিন ও এবাদতের বোলিং আমাকে সাহায্য করেছে।’

এদিন একে একে অস্ট্রেলিয়ার বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যাটারকে সাজঘরের পথ দেখিয়েছেন হাসান। তবে ছয় উইকেটের মধ্যে স্টিভ স্মিথের উইকেটটিই তার কাছে একটু বেশি বিশেষ। ব্যাটারকে কীভাবে চাপে ফেলেছিলেন, সেটিও জানিয়েছেন তিনি।

হাসান বলেন, ‘আমার কাছে সবগুলো উইকেটই স্পেশাল, তবে স্মিথের উইকেটটা একটু বেশি স্পেশাল। সে ধরতে পারছিল না আমার বোলিং। আমার মনে হচ্ছিল যে, সে কিছু একটা করতে যাবে। তখন বাউন্সার করি আর সে সেটা মিস করে।’

শুধু উইকেট নেওয়াই নয়, অস্ট্রেলিয়ার ব্যাটারদের কাছ থেকেও প্রশংসা পেয়েছেন হাসান। বিশেষ করে ট্রাভিস হেডকে শুরু থেকেই বেশ চাপে রেখেছিলেন তিনি। পরে তার উইকেটও তুলে নেন এই পেসার। এর আগে অবশ্য হাসানের বোলিংয়ের প্রশংসা করেছিলেন অস্ট্রেলিয়ার এই তারকা ব্যাটার।

হাসান বলেন, ট্রাভিস হেড আমাকে বলেছে ‘ভালো বোলিং।’ নিজের ছয় উইকেটের পেছনে সতীর্থদের অবদানও আলাদা করে উল্লেখ করেছেন হাসান। তার মতে, তাসকিন আহমেদ ও ইবাদত হোসেনের ধারাবাহিক বোলিং অস্ট্রেলিয়ার ওপর চাপ ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, ‘ভালো অনুশীলন করেছে এবং ম্যাচে আপনি তা দেখতে পাচ্ছেন। সব মিলিয়ে তারা খুবই সাহায্য করেছে, বিশেষ করে তাসকিন এবং ইবাদত, তারা খুবই ভালো বোলিং করেছে।’

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More