দীপ্ত নিউজ
রাজধানী

ডিএসসিসি প্রশাসক.

রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক

সুমাইয়া আক্তার
সুমাইয়া আক্তার
প্রকাশ:
রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক
ছবি: সংগৃহীত

অনুরোধের পালা শেষ; রাস্তায় ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই এখন থেকে সরাসরি মামলা ও মালামাল ক্রোক করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। 

শনিবার (২৪ অক্টোবর) ডিএসসিসি আয়োজিত সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ উপলক্ষে বিশেষ মশক নিধন ও পরিষ্কার–পরিচ্ছন্নতা অভিযানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডিএসসিসি’র ৭৫টি ওয়ার্ডে একযোগে এই কর্মসূচি পালিত হয়।

ডিএসসিসি প্রশাসক বলেন, রাস্তায় যানজট, যত্রতত্র ময়লা ফেলা এবং পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টির জন্য বহুলাংশে দায়ী অবৈধ হকার ও ভাসমান দোকানসমূহ। ঢাকাবাসী তথা সিটি কর্পোরেশন এই দুর্ভোগ থেকে মুক্তি চায়।

তিনি বলেন, মানবিকতার দোহাই দিয়ে রাস্তা ও ফুটপাত দখলের কোনো সুযোগ নেই। ডিএসসিসি নির্ধারিত নিয়মের বাইরে দোকান বসালেই মালামাল জব্ধ ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

‘নিউমার্কেট এলাকার সড়ক ও ফুটপাত দখলমুক্ত করা’ প্রসঙ্গে মো. আবদুস সালাম জানান, আগামী সপ্তাহেই সেখানে পুনরায় উচ্ছেদ অভিযান চালানো হবে। কোনো অবস্থাতেই সড়কে কোনো হকার বসতে দেওয়া হবে না।

প্রশাসক আরও বলেন, ‘ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্নতার বিকল্প নেই। কোথাও ৩ দিনের বেশি পানি জমতে দেয়া যাবে না।’

উল্লেখ্য, ‘ক্লিনিং ডে’ উপলক্ষে আয়োজিত পরিচ্ছন্নতা অভিযানটি সিআইডি কার্যালয় থেকে শুরু হয়ে শান্তিনগর, কাকরাইল ও নয়াপল্টন হয়ে ফকিরাপুলে গিয়ে শেষ হয়।

পথিমধ্যে ডিএসসিসি প্রশাসক জমে থাকা বর্জ্য পরিষ্কার ও অবৈধ দোকান অপসারণের কাজ সরেজমিনে পরিদর্শন করেন।

দিনব্যাপী এই কর্মসূচিতে সিটি কর্পোরেশনের নিয়মিত পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এবং ওয়ার্ডে ওয়ার্ডে মাইকিং ও সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়।

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।