সাতসকালে মুষলধারে বৃষ্টিতে ভিজেছে রাজধানী ঢাকা। ভোর থেকে শুরু হওয়া এই বৃষ্টিতে কর্মব্যস্ত সকালে ঘর থেকে বের হওয়া নগরবাসীকে চরম বিড়ম্বনায় পড়তে হয়েছে। বিশেষ করে অফিসগামী যাত্রী, শিক্ষার্থী ও শ্রমজীবী মানুষরা বিপাকে পড়েছেন। সকাল পৌনে সাতটার দিকে বৃষ্টির তীব্রতা বাড়ে।
আকস্মিক এই বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন প্রধান সড়কে যানচলাচলের গতি ধীর হয়ে যায়। নিচু এলাকার কিছু রাস্তায় জলজট তৈরি হওয়ায় গন্তব্যে পৌঁছাতে সাধারণ মানুষকে স্বাভাবিকের চেয়ে বেশি সময় ব্যয় করতে হচ্ছে।
অনেককে দেখা গেছে বৃষ্টি থেকে বাঁচতে রাস্তার ধারের দোকান বা ভবনের কার্নিশে আশ্রয় নিতে। পর্যাপ্ত প্রস্তুতি ছাড়া বের হওয়া পথচারীরা ভিজে একাকার হয়ে যান। ছাতা হাতে থাকলেও জুতা ও পোশাক ভিজে যাওয়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে অনেককে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সকালের এই বৃষ্টি কেবল রাজধানীতেই সীমাবদ্ধ নয়। ঢাকাসহ দেশের অন্তত ১৭টি অঞ্চলের ওপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বুধবার সকালে দেওয়া এক পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটসহ দেশের অধিকাংশ অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর–পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে।