
মিয়ানমারে পাচার কালে ৬০০ বস্তা সারসহ আটক ১০

মিয়ানমারে অবৈধভাবে সাগর পথে পাচারকালে ৬০০ বস্তা ইউরিয়া সারসহ ১০ পাচারকারিকে আটক করেছে কোস্টগার্ড।
শুক্রবার (২ মে) দুপুরে এ তথ্য জানান কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম এম হারুন–অর–রশিদ।
হারুন–অর–রশিদ বলেন, গত বৃহস্পতিবার মধ্যরাতে টেকনাফের সেন্টমার্টিন উপকূলের গভীর সাগরে কাঠের তৈরি সন্দেহজনক একটি মাছ ধরার ট্রলার দেখতে পান কোস্টগার্ডের জাহাজ তাজউদ্দিন। ফলে কোস্টগার্ড সদস্যরা ট্রলারটিকে থামার নির্দেশনা দিলে পাচারকারীরা দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে ট্রলারটিকে আটক করে কোস্টগার্ড।
এসময় ট্রলারে তল্লাশ চালিয়ে কর ফাঁকি দিয়ে মিয়ানমারের রাখাইন রাজ্যে পাচারের জন্য বহন করা ৬০০ বস্তা ইউরিয়া সার পাওয়া যায়। পরে ট্রলারে থাকা ১০ পাচারকারিকে আটক করা হয়।
তিনি আরও বলেন, ট্রলারটি থেকে উদ্ধার করা সারগুলো টেকনাফ কাস্টমস কার্যালয়ে জমা রাখা হয়েছে।
আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানান তিনি।
ইএ/এজে/দীপ্ত সংবাদ








