ফিফা বিশ্বকাপ ২০২৬ এর হাইভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও আলজেরিয়া। তব এই ম্যাচে সবার নজর কেড়েছেন আলজেরিয়ার গোলপোস্টের নিচে দাঁড়িয়ে থাকা এক ‘মাস্কম্যান‘।
তিনি আর কেউ নন, ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদানের ছেলে লুকা জিদান।
কিন্তু কেন এই রহস্যময় কালো মাস্ক পরে খেলেছেন জিদানপুত্র লুকা, তা নিয়ে ফুটবল ভক্তদের মনে অনেকের প্রশ্ন।
আন্তর্জাতিক মিডিয়ার খবর অনুযায়ী, লুকা জিদানের মুখে যে কালো মাস্কটি দেখা যাচ্ছে, তা কোনো ফ্যাশন বা স্টাইল নয়। এটি মূলত তার ফুটবল ক্যারিয়ার বাঁচিয়ে রাখার একটি মেডিকেল প্রোটেকশন বা সুরক্ষাকবচ।
২৮ বছর বয়সী লুকা জিদান গত বছর আন্তর্জাতিক ফুটবলে আলজেরিয়ার হয়ে খেলার সিদ্ধান্ত নেন। বর্তমানে তিনি স্পেনের ক্লাব গ্রানাদার গোলরক্ষক। তবে কয়েক মাস আগেও তার বিশ্বকাপ খেলার স্বপ্ন অনিশ্চিত হয়ে পড়েছিল।
চলতি বছরের এপ্রিল মাসে স্প্যানিশ ক্লাব গ্রানাডার হয়ে একটি ম্যাচে শূন্যে ভাসানো বল ক্লিয়ার করতে গিয়ে মারাত্মক সংঘর্ষের শিকার হন লুকা জিদান। এতে তাঁর চোয়াল ও থুতনির হাড় ভেঙে যায়। পাশাপাশি গুরুতর কনকাশনেও (মাথায় আঘাতজনিত সমস্যা) ভুগতে হয়। মৌসুমের বাকি অংশ মাঠের বাইরে কাটান লুকা।
কিন্তু লুকা জিদানের সামনে তখন জীবনের প্রথম বিশ্বকাপ খেলার হাতছানি। তাই বিশ্বকাপের স্বপ্ন বাঁচিয়ে রাখতে এবং তার ভাঙা চোয়াল সুরক্ষিত রাখতে চিকিৎসকেরা তৈরি করে দেন এই বিশেষ ‘হাই–টেক কার্বন ফাইবার প্রোটেকটিভ’ ফেস মাস্ক।
বিশ্বকাপ শুরুর আগে নিজ শারীরিক অবস্থার বিষয়ে লুকা বলেছিলেন, ‘আমি এখন ভালো আছি, আর কোনো ব্যথা নেই। অস্ত্রোপচার সফল হয়েছে। পাঁচ সপ্তাহ পেরিয়ে গেছে। দুই সপ্তাহ আগে আবার মাঠে অনুশীলন শুরু করেছি। ফিরে আসতে পেরে আমি খুবই খুশি।’
ফুটবল ভক্তদের মনে আরেকটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে, বাবা জিদান যেখানে ফ্রান্সের জার্সিতে বিশ্বকাপ জিতেছেন, সেখানে ছেলে লুকা কেন আলজেরিয়া জার্সিতে খেলছেন।
ফ্রান্সের বিভিন্ন বয়সভিত্তিক দলে খেললেও বাবা জিনেদিন জিদানের মতো দেশটির সিনিয়র দলে জায়গা পাননি লুকা। পরে পিতৃসূত্রে পাওয়া যোগ্যতায় আলজেরিয়া জার্সিতে খেলার সিদ্ধান্ত নেন। তাঁর দাদা–দাদি ছিলেন আলজেরিয়ান।
এসএ