একই আকাশ একই বাতাস কিন্তু মাঝে কাঁটাতারের বেড়া। সেই বাঁধা ডিঙিয়ে এবার মিলন মেলার হাট বসলো সিলেটের সীমান্তবর্তী কোম্পানিগঞ্জ উপজেলায়। কয়েকদফা পিছিয়ে যাওয়ার পর অবশেষে শনিবার(৬ মে) বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়েছে ভোলাগঞ্জে জেলার প্রথম বর্ডার হাটের।
সকাল থেকেই জমে উঠেছিলো ভীড়। শুধু অপেক্ষা কখন খুলবে কাঁটাতারের সীমানার সীমারেখা। অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষন খুলে গেলো এপার বাংলা – অপার বাংলার বানিজ্যের নতুন দুয়ার।
শনিবার সকালে এই হাটের উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ ও সিলেটে নিযুক্ত সহকারী ভারতীয় হাই কমিশনার নিরাজ কুমার জয়শওয়াল। এসময় দু–দেশের প্রশাসনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
এসময় দু’জনেই দু’দেশের পারস্পরিক সহযোগীতা ও ঐতিহাসিক সুসম্পর্ক অটুট রাখতে এই হাট গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলে মন্তব্য করেন।
২০১৮ সালে আনুষ্ঠানিক চুক্তির মাধ্যমে বাংলাদেশ এবং ভারতের মধ্যে বাণিজ্যিক প্রসারে সীমান্ত হাট নির্মাণের সিদ্ধান্ত গৃহীত হয়। এরই ধারাবাহিকতায় সিলেটের কোম্পানিগঞ্জের বাংলাদেশ এবং ভারতের জিরো পয়েন্ট (ভারত অভ্যন্তরে) এক একর জায়গার উপর প্রস্তাবিত এই বর্ডার হাটের কাজ শুরু হয়। বিপুল আগ্রহ নিয়ে হাটে যারা আসছেন তারা মনে করছেন, সীমান্তে এমন হাটের মাধ্যমে অর্থনৈতিক, সামাজিক সম্পর্কোন্নয়নের পাশাপাশি নতুন নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে।
বাংলাদেশ–ভারতের বিভিন্ন সীমান্তে বর্তমানে ১৩ টি বর্ডার হাটের কার্যক্রম চালু রয়েছে। আরও ৩ টি বর্ডার হাট চালুর অপেক্ষায় রয়েছে। এই হাটে আসা দু’দেশের বিক্রেতারা বলছেন চাহিদা বুঝে পন্যের সরবরাহ করলে দু’’দেশের মধ্যে ভালো বানিজ্য সম্পর্কের পাশাপাশি পারস্পরিক বন্ধন আরো দৃঢ় হবে।
ভোলাগঞ্জ বর্ডার হাটে, আবেদনকারী বিক্রেতাদের মধ্যে থেকে লটারির মাধ্যমে বাংলাদেশের ২৪ জন ও ভারতীয় ২৬জন বিক্রেতা তাদের পশরা সাজিয়ে বসেছেন। একজন ক্রেতা একদিনে সর্বোচ্চ ২০০ ডলারের সমমান টাকার পণ্য ক্রয় করতে পারবেন। প্রবেশ ফি বাবদ কার্ডধারী একজন ক্রেতাকে দৈনিক ৩০টাকা ও বিক্রেতাকে দৈনিক ৭০ টাকা প্রদান করতে হবে। এ টাকা বর্ডার হাট ব্যবস্থাপনা কমিটির অনুমোদনক্রমে এই হাটের সংস্কার ও উন্নয়নমূলক কাজে ব্যয় করা হবে।
ভারতের মেঘালয়ের ইস্ট খাসি হিলস ও কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জে অবস্থিত এই বর্ডার হাট প্রতি সপ্তাহে শনিবার ও বুধবার ২ দিন সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চলমান থাকবে। হাটে স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য বিক্রি হবে এবং হাটের ৫ কিলোমিটার এলাকার বাসিন্দারা বিশেষ কার্ডের মাধ্যমে পণ্য ক্রয়বিক্রয়ের সুযোগ পাবেন।
আল/দীপ্ত সংবাদ