ব্রাজিল শিবিরে কিছুটা স্বস্তির বাতাস দিলেন নেইমার জুনিয়র। অবশেষে ইনজুরি কাটিয়ে ব্রাজিল বিশ্বকাপ স্কোয়াডের সাথে অনুশীলনে যোগ দিয়েছেন এই তারকা ফরোয়ার্ড।
মঙ্গলবার (১৬ জুন) যুক্তরাষ্ট্রে দলের বেসক্যাম্পে প্রথমবার ফুটবল পায়ে কাজ শুরু করেছেন ব্রাজিলিয়ান নম্বর টেন। তবে হাইতি‘র বিপক্ষে ম্যাচে তার খেলার সম্ভাবনা খুবই কম।
ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছে,৩৪ বছর বয়সী নেইমার মাঠে শারীরিক অনুশীলন করেছেন, বল নিয়েও কিছু সময় কাজ করেছেন। তবে এখনও তিনি দলের সঙ্গে পূর্ণাঙ্গ অনুশীলনে যোগ দেননি।
গত ১৭ মে ক্লাব সান্তোসের হয়ে খেলার সময় ডান পায়ের কাফে চোট পেয়েছিলেন নেইমার। সেই ইনজুরি নিয়েই তিনি কার্লো আনচেলত্তির বিশ্বকাপ স্কোয়াডে যোগ দেন।
চোটের অগ্রগতি বুঝতে গত সোমবার নেইমারের বেশ কিছু মেডিকেল টেস্ট ও স্ক্যান করানো হয়। এরপর মঙ্গলবার মাঠে ফিরলেও তিনি দলের মূল স্কোয়াডের সাথে পূর্ণাঙ্গ অনুশীলন সেশনে অংশ নেননি। মূলত নিজের ফিটনেস ফিরে পেতে হালকা রানিং এবং ফিজিক্যাল কন্ডিশনিংয়ের মাঝেই সীমাবদ্ধ ছিলেন তিনি।
সাম্প্রতিক বছরগুলোতে একের পর এক চোট ও শারীরিক সমস্যায় ভুগছেন ব্রাজিলের এই নাম্বার টেন। প্রায় ৩ বছর ধরে তিনি জাতীয় দলের হয়ে কোনো ম্যাচেও খেলেননি। তবে মাঠে তার উপস্থিতি ব্রাজিল সমর্থকদের মনে নতুন আশার সঞ্চার করেছে।
এসএ