আবারো ব্যর্থ ব্রাজিলের ‘মিশন হেক্সা‘। নরওয়ের কাছে ২–১ ব্যবধানে হেরে, শেষ হলো তাদের বিশ্বকাপ। ভাইকিংসদের হয়ে জোড়া গোল করেছেন আর্লিং হালান্ড। আরেক ম্যাচে ইংল্যান্ডের কাছে ৩–২ গোলে হেরে আসর থেকে ছিটকে গেলো মেক্সিকো।
সুযোগ পেয়েছিলো শুরুতেই, তবে স্পট কিকে ব্যর্থ হলেন ব্রাজিলের মিডফিল্ডার ব্রুনো গিমারাইস। পরে লম্বা সময় আক্রমণে আধিপত্য দেখায় সেলেসাওরা। কিন্তু শেষটায় জ্বলে উঠলেন আর্লিং হালান্ড। দুমড়ে মুচড়ে গেলো কার্লো আনচেলত্তি শিষ্যদের সব স্বপ্ন। অসাধারণ এক জয়ে বিশ্বকাপের কোয়ার্টার–ফাইনালে উঠলো নরওয়ে।
নিউ জার্সির মেট লাইফ স্টেডিয়ামে শেষ ষোলোর ম্যাচটি ২–১ গোলে জিতেছে তারা। ধরে রেখেছে ব্রাজিলের বিপক্ষে আধিপত্য। দ্বিতীয়ার্ধে ১১ মিনিটের ব্যবধানে দুই গোল করে সেলেসাওদের হেক্সা জয়ের স্বপ্ন চূর্ণ করে দিয়েছেন দলটির সবচেয়ে বড় তারকা হালান্ড।
পুরো ম্যাচে আক্রমণ তেমনটা না করলেও বল নিজেদের দখলে রাখে ভাইকিংস। পুরো ম্যাচে ৬৬ শতাংশ বল ছিলো তাদের পায়ে। তবে প্রতিপক্ষের গোল পোস্টে নরওয়ে শট নিয়েছে মাত্র ৯টি। অপরদিকে, ব্রাজিল নেওয়া ১৪টি শটকে প্রতিহত করে বীরত্বে প্রমাণ রাখেন নরওয়ের গোলরক্ষক। মূলত সেখানেই কপাল পুড়ে পাঁচবারের চ্যাম্পিয়নদের।
এদিকে, বিশ্বকাপ থেকে ব্রাজিলের হতাশাজনক বিদায়ের পর জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন নেইমার জুনিয়র। ব্রাজিলের শীর্ষ সংবাদমাধ্যম গ্লোবো জানিয়েছে, নরওয়ের বিপক্ষে শেষ ষোলো থেকে বিদায়ের পরই সেলেসাওর জার্সিতে নিজের অধ্যায়ের ইতি টানার সিদ্ধান্ত জানিয়েছেন এই তারকা স্ট্রাইকার।
২০১০ সালে ব্রাজিলের জার্সিতে অভিষেকের পর জাতীয় দলের হয়ে সর্বাধিক ৮০টি গোল করেছেন তিনি। রয়েছে চারটি হ্যাটট্রিকও। প্রতিপক্ষ জাপানের বিপক্ষে সর্বোচ্চ ৯টি গোল করেছেন তিনি। ব্রাজিলের হয়ে জিতেছেন ফিফা কনফেডারেশন কাপ ও অলিম্পিক স্বর্ণপদক।
বিশ্বকাপের আরেক ম্যাচে, বৈরি আবহাওয়ায় কারণে এক ঘন্টা দেরিতে শুরু হয় মেক্সিকো–ইংল্যান্ড ম্যাচ। ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে, ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল করে ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম।
প্রথমার্ধ শেষের তিন মিনিট আগে ব্যবধান কমায় মেক্সিকো। বিরতির পর এবার হ্যারি কেইনের যাদুতে আবারো এগিয়ে যায় থ্রি–লায়ন্স। হাল ছেড়ে না দেওয়া মেক্সিকানরা আবারো গোল করে ঠিক, কিন্তু পরাজয় এড়াতে পারেনি। তাতে শেষ ষোলো থেকে বিদায় নিলো এবারের বিশ্বআসরের অন্যতম সহ–আয়োজকরা।
মোহাম্মদ হাসিব