ভারতের তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়ের বান্ধবী জনপ্রিয় অভিনেত্রী তৃষাকে নিয়ে জনসভায় কুরুচিপূর্ণ ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে রাজ্যের বিরোধীদলীয় নেতা উদয়নিধি স্টালিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ আগস্ট) সকালে চেন্নাইয়ে নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রাজনৈতিক মঞ্চ থেকে দেয়া এই মন্তব্যের জেরে রাজ্য রাজনীতিজুড়ে তীব্র বিতর্ক ও তোলপাড় সৃষ্টির পর এই কঠোর পদক্ষেপ নিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পুলিশ তাকে নিয়ে যাওয়ার সময় হেসে উদয়নিধি জানান, এই গ্রেপ্তারকে তিনি একটি ‘কৌতুক’ হিসেবে দেখছেন এবং এর বিরুদ্ধে আইনি লড়াই চালাবেন।
এর আগে গত সোমবার তানজাভুরে কাবেরী পানি বণ্টন বিরোধ নিয়ে এক প্রতিবাদ সভায় বক্তব্য দিচ্ছিলেন উদয়নিধি স্টালিন। সেখানে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়ের সমালোচনা করার সময় জনসভার ভিড় থেকে কতিপয় ব্যক্তি উচ্চস্বরে অভিনেত্রী তৃষার নাম ধরে স্লোগান দিতে শুরু করেন।
সাময়িকভাবে বক্তব্য থামিয়ে উদয়নিধি দ্ব্যর্থবোধক ও অশ্লীল ইঙ্গিতপূর্ণ একটি মন্তব্য করেন। এই মন্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে দ্রুত ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনার ঝড় ওঠে।
মুখ্যমন্ত্রী বিজয়ের দল ‘তামিলগা ভেট্রি কাজাগাম’ (টিভিকে) এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। দলটির পক্ষ থেকে জাতীয় নারী কমিশন (এনসিডব্লিউ) ও পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
টিভিকে নেতা আমেরিকাই নারায়ণন জানান, রাজনৈতিক কারণে নয়, একজন নারীকে অসম্মান ও প্রকাশ্যে হেনস্তা করার দায়েই উদয়নিধিকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, এই গ্রেপ্তারকাণ্ডকে ‘রাজনৈতিক প্রতিশোধ’ বলে অভিহিত করেছে বিরোধী দল ডিএমকে।
দলটির নেতা টি কে এস ইলাঙ্গোভান জানান, উদয়নিধি মূলত মুখ্যমন্ত্রী বিজয়ের নীতিগত ব্যর্থতা তুলে ধরেছিলেন এবং তিনি সরাসরি ওই অভিনেত্রীর নামও নেননি।
অন্যদাকে তামিলনাড়ু বিজেপির প্রধান মুখপাত্র নারায়ণন তিরুপতি ঘটনাটিকে ‘অশ্লীল ও লজ্জাজনক’ আখ্যা দিয়ে উদয়নিধির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।