বিএনপি ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছে, জামায়াতে ইসলামীর আমীরের এমন অভিযোগ ভিত্তিহীন দাবি করে তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, নির্বাচনের আগে থেকেই রাজনৈতিক স্থিতিশীল পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে জামায়াত। এছাড়া তারা স্বৈরাচার ব্যবস্থা ফেরানোর চেষ্টা করছে কিনা তা দেশবাসীকে ভেবে দেখার আহ্বানও জানান বিএনপি মহাসচিব।
আগামী ১ মে বিশ্ব শ্রমিক দিবসে সমাবেশ করবে বিএনপির সহযোগী সংগঠন শ্রমিক দল। সমাবেশে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন। কর্মসূচি সফল করতে রাজধানীর নয়াপল্টনে যৌথসভার আয়োজন করে বিএনপি।
বৈঠক শেষে সংবাদ সম্মেলন করেন বিএনপি মহাসচিব। সভার আলোচনা ছাপিয়ে কেন্দ্রবিন্দুতে উঠে আসে জামায়াতে ইসলামীর আমীরের সাম্প্রতিক এক বক্তব্য। যেখানে বিএনপির বিরুদ্ধে ক্ষমতার জন্য ‘ইঞ্জিনিয়ারিং‘ করার অভিযোগ তোলা হয়। সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর আমিরের বক্তব্যের কড়া জবাব দেন বিএনপি মহাসচিব।
মির্জা ফখরুল আরও বলেন, যারা ষড়যন্ত্রের রাজনীতি করে টিকে থাকতে চায়, তাদের রাজনৈতিকভাবে নির্মূল করবে বিএনপি।