প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জুন মাসের বাজেটে ফ্যামিলি কার্ডের জন্য অনেক বেশি বরাদ্দ থাকবে। আগামী এক বছরের মধ্যে দেশের ৫০ লাখ মা–বোনের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে।‘
শনিবার (১৬ মে) দুপুরে কুমিল্লার লাকসামের মুদাফরগঞ্জে অনুষ্ঠিত এক পথসভায় তিনি এসব কথা বলেন। এরপর জেলার বরুড়া উপজেলার লক্ষ্মীপুরে আরেকটি পথসভায় বক্তব্য রাখবেন তিনি।
তিনি বলেন, আপনারা দেখেছেন আমরা নির্বাচনের আগে ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমরা মানুষকে কার্ড দেওয়া শুরু করেছি। এই এলাকার মানুষও ফ্যামিলি কার্ড পাবেন। আগামী জুনে যে বাজেট, সেখানে ফ্যামিলি কার্ডের জন্য অনেক বরাদ্দ রয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, আপনারা এখানে যারা আছেন আপনাদের কাছে অনুরোধ, আপনারা বিএনপির হাতকে শক্তিশালী করুন। ইনশাল্লাহ, দেশের যেসব কাজ রয়েছে, বিএনপি সবগুলো পর্যায়ক্রমে করবে। আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশ, ইনশাআল্লাহ গড়ে তুলব।
কুমিল্লা–৯ (লাকসাম মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. আবুল কালামের সভাপতিত্বে এ সময় লাকসাম–মনোহরগঞ্জ উপজেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।