বাগেরহাটে খুলনা–মোংলা মহাসড়কের চুলকাঠির ভট্ট বালিয়াঘাটা এলাকায় ট্রাক ও যাত্রীবাহি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন।
বুধবার (২০ মে) সকালে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনাগামী একটি ভাড়ায় চালিত মোটরসাইকেলে তিন আরোহী চুলকাঠির ভট্ট বালিয়াঘাটা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোংলাগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মোটরসাইকেলটি ট্রাকের নিচে ঢুকে যায় এবং ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক আব্দুল কাদের নিহত হন। গুরুতর আহত অপর দুইজনকে উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন, জেলার ফকিরহাট উপজেলার লকপুর এলাকার বাসিন্দা মোটরসাইকেল চালক আব্দুল কাদের। ফকিরহাট উপজেলার ভবনা গ্রামের কাদের ফারাজী এবং মোংলা বন্দরে কর্মরত জাহাজচালক মোরেলগঞ্জ উপজেলার বাহাদুর শিকদার।
বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার জানান, হাসপাতালে আনার আগেই একজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আনা অপর দুজনকে পরীক্ষা–নিরীক্ষার পর মৃত ঘোষণা করা হয়েছে।
কাটাখালী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাফর আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মামুন আহমেদ