২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১–০ গোলে হেরে রানার্সআপ হওয়ার পর বদলে যাচ্ছে প্রথাগত আর্জেন্টিনার জার্সি।
শিরোপা হাতছাড়া হওয়ায় আর্জেন্টিনা অফিসিয়াল জার্সির বুকে আর দেখা যাবে না ‘বিশ্বচ্যাম্পিয়ন’ সোনালি প্যাচটি।
২০২২ কাতার বিশ্বকাপ জয়ের স্মারক হিসেবে এতদিন জার্সির বুকে ‘ফিফা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স‘ প্যাচটি ব্যবহার করেছে আলবিসেলেস্তেরা। তবে, গত ১৯ জুলাই (রবিবার) ফাইনাল ম্যাচের পর ‘বিশ্বচ্যাম্পিয়ন’ প্যাচটি এখন যুক্ত হবে স্পেনের জার্সিতে।
তবে সম্পূর্ণ ব্যাজবিহীন থাকছে না আর্জেন্টিনা। ‘বিশ্বচ্যাম্পিয়ন’ প্যাচ বাদ পড়লেও আর্জেন্টিনা দলের জার্সিতে শোভা পাবে ২০২৪ সালের ‘কোপা আমেরিকা চ্যাম্পিয়ন’ প্যাচ। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত সেই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে লাউতারো মার্তিনেজের শেষ মুহূর্তের গোলে কলম্বিয়াকে হারিয়ে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা।
এটি অবশ্য নতুন কিছু নয়। ২০২১ কোপা আমেরিকা জয়ের পর ২০২২ বিশ্বকাপ শুরুর আগ পর্যন্তও আর্জেন্টিনা ‘কোপা আমেরিকা চ্যাম্পিয়ন‘ ব্যাজ ব্যবহার করেছিল। এমনকি ২০২৪ কোপা আমেরিকাতেও তারা ‘বিশ্বচ্যাম্পিয়ন‘ প্যাচের পরিবর্তে ‘কোপা আমেরিকা চ্যাম্পিয়ন‘ প্যাচ ব্যবহার করেছিল।
এদিকে, বিশ্বকাপ ফাইনাল শেষ হওয়ার পরপরই সামাজিক মাধ্যমে আর্জেন্টিনা জাতীয় দলের একটি নতুন জার্সির ছবি ফাঁস হয়ে পড়ে। সেখানে আর্জেন্টিনা জার্সিতে জাতীয় দলের লোগোর ওপরে ৪টি তারকা দেখা যায়, যেখানে প্রতিটি তারকায় তাদের বিশ্বকাপ জয়ের বছর (১৯৭৮, ১৯৮৬, ২০২২ এবং সম্ভাব্য ২০২৬) সূচিকর্ম করা ছিল।
তবে ফাইনাল হারের কারণে সেই বিশেষ ৪ তারকা জার্সি আপাতত ইতিহাস ও স্মৃতিতেই আটকে রইল।
এসএ