শিরোনাম
দীপ্ত নিউজ
শিক্ষা

প্রয়োজনে শনিবার স্কুল খোলা রাখা হবে: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
প্রয়োজনে শনিবার স্কুল খোলা রাখা হবে: শিক্ষামন্ত্রী
রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয়ের আলোচনা সভায় শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। ছবি: সংগৃহীত

রমজানে স্কুল বন্ধ রাখতে প্রয়োজনে আগামী বছর থেকে শনিবার স্কুল খোলা থাকতে পারে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

 

মঙ্গলবার (২৬ মার্চ) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয় এই আলোচনা সভার আয়োজন করে।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আপনারা দেখেছেন পবিত্র রমজান মাসে বিদ্যালয় খোলা থাকা নিয়ে নানা ধরনের প্রচার–অপপ্রচার হয়েছে। যেহেতু এ বছর বিষয়টা এভাবে এসেছে, আমরা আগামীতে চেষ্টা করবো কীভাবে কাঠামোর মধ্যে আনা যায়।’

বছরে ৫৩ সপ্তাহে ৫২টি শনিবার রয়েছে জানিয়ে মহিবুল হাসান চৌধুরী বলেন, ‘সেখানে যদি কিছুটা বিদ্যালয় খোলা রাখি, তাহলে রমজানের ক্ষেত্রে যে বিতর্ক সৃষ্টির অপপ্রয়াস যারা করছে তাদের সেই অপপ্রয়াসকে বন্ধ করতে পারি সেই লক্ষ্যে আমরা একটা পরিকল্পনা করবো। যাতে এটা নিয়ে আবারও আদালতে গিয়ে মিথ্যা বুঝিয়ে বিভ্রান্তি করে রায় নিয়ে এসে অপচেষ্টা করতে না পারে, রাস্তায় এসে মানববন্ধন করতে না পারে।’

মন্ত্রী বলেন, ‘আমরা সংবেদনশীলতার জায়গায় শ্রদ্ধাশীল। আমরা আলেম–ওলামার সাথেও আলোচনা করবো। তাদেরও একটা অবস্থান আছে এটা নিয়ে।’

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, ‘পঁচাত্তর পরবর্তী সময়ে শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষার মাধ্যমে ইতিহাসকে বেশি বিকৃত করা হয়েছিল। এই সময়ের সরকারগুলো মিথ্যাকে প্রতিষ্ঠিত করার এমন হীন কোনো প্রচেষ্টা নেই যা তারা করেনি। ভুল বুঝিয়ে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে বিভিন্নভাবে বিতর্কিত করেছিল। বঙ্গবন্ধুর বাংলায় সব ধর্ম–বর্ণের লোক স্বাধীনভাবে থাকবে। এখনো শিক্ষাব্যবস্থাকে গোঁড়ামির দিকে নিয়ে যেতে একটি শক্তি সক্রিয় রয়েছে।’

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব ও দেশের উন্নয়ন শীর্ষক আলোচনাসভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খান। বিশেষ অতিথি ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুন নাহার।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।