পবায় খাল খননের অব্যয়িত ১ কোটি ৮০ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
রাজশাহীর পবা উপজেলায় খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ১ কোটি ৮০ লাখ ২৪ হাজার ৭৮৯ টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়েছে উপজেলা প্রশাসন।

রাজশাহীর পবা উপজেলায় খাল পুনঃখনন প্রকল্পের কাজ পুরোপুরি শেষ না হওয়ায় অব্যয়িত ১ কোটি ৮০ লাখ ২৪ হাজার ৭৮৯ টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়েছে উপজেলা প্রশাসন। কাজের স্বচ্ছতা নিশ্চিত করতে এবং সরকারি অর্থের অপচয় রোধে বুধবার (১২ আগস্ট) এ পদক্ষেপ নেওয়া হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে উপজেলার পারিলা ইউনিয়নের জলিলের ভাটা থেকে ফলিয়ার বিল পর্যন্ত ৩ দশমিক ৩ কিলোমিটার ‘বৈরাগীর খাল’ পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছিল। পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে গৃহীত এ প্রকল্পের জন্য মোট বরাদ্দ ছিল ২ কোটি ৫৮ লাখ ১২ হাজার ৭৭৬ টাকা। তবে বর্ষা মৌসুমে অতিবৃষ্টির কারণে খালে অতিরিক্ত পানি জমে যায়। ফলে প্রায় এক কিলোমিটার বা মোট কাজের ৩৫ শতাংশ সম্পন্ন হওয়ার পর খননকাজ স্থগিত রাখতে হয় প্রশাসনকে।

এ বিষয়ে পবা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইবনুল আবেদীন বলেন, “সরকারি প্রকল্পের প্রতিটি টাকা জনগণের টাকা। তাই এর যথাযথ ব্যবহার নিশ্চিত করা আমাদের দায়িত্ব। বৃষ্টির কারণে যে কাজ করা সম্ভব হয়নি, সেই কাজের জন্য বরাদ্দ করা অর্থ ব্যয় করার কোনো যৌক্তিকতা নেই। সরকারি অর্থের অপচয় রোধ ও স্বচ্ছতা নিশ্চিত করতেই অব্যয়িত অর্থ ফেরত দেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, সরকারি অর্থ সঠিকভাবে ব্যবহারের ক্ষেত্রে এ উদ্যোগ একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাহমুদুল ইসলাম খরচ ও বরাদ্দের হিসাব নিশ্চিত করে জানান, অতিবৃষ্টির কারণে এ পর্যন্ত ৩৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। নিয়ম অনুযায়ী যতটুকু কাজ হয়েছে ঠিক ততটুকু অর্থই ব্যয় দেখানো হয়েছে। অবশিষ্ট ১ কোটি ৮০ লাখ ২৪ হাজার ৭৮৯ টাকা সমস্ত নিয়ম ও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More