দীপ্ত নিউজ
জাতীয়

নির্বাচনে ভোট পড়েছে ৩০-৪০ শতাংশ: সিইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
নির্বাচনে ভোট পড়েছে ৩০-৪০ শতাংশ: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ১৩৯ উপজেলা নির্বাচনে শতকরা ৩০ থেকে ৪০ শতাংশ ভোট পড়েছে। বিক্ষিপ্ত ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু হয়েছে।

বুধবার (৮ মে) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নিজ কার্যালয়ের সামনে ভোটগ্রহণ শেষে এক সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন তিনি।

সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, দুটি ভোটকেন্দ্র ভোটগ্রহণ স্থগিত হয়েছে। নির্বাচনে ৩৪ ঘটনায় ২৫ জন আহত হয়েছে। ৩০–৪০ শতাংশ ভোট কাস্টিং হতে পারে।

সিইসি বলেন, ‘ভোট কাস্টিং কত হচ্ছে তা ইসির দেখার বিষয় না। সুষ্ঠুভাবে আয়োজন করা ইসির দায়িত্ব। কোথাও কোনো গড়মিল হয়েছে কিনা সেটা দেখার দায়িত্ব ইসির।’

১৩৯ উপজেলায় ভোটগ্রহণ শেষে এখন চলছে গণনা। এর আগে সকাল ৮টায় শুরু হয়ে ভোট চলে বিকেল ৪টা পর্যন্ত। বৈরী আবহাওয়ায় সকালে কেন্দ্রে ভোটার উপস্থিতি কম থাকলেও পরে কিছুটা বাড়ে। নির্বাচন সুষ্ঠু করতে নেয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। নির্বিঘ্নে ভোট দিতে পেরে খুশি ভোটাররা।