দীপ্ত নিউজ
বাংলাদেশ

সীমান্তে নারী-শিশুসহ ৪৪ জনকে বাংলাদেশে ‘পুশব্যাক’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
সীমান্তে নারী-শিশুসহ ৪৪ জনকে বাংলাদেশে ‘পুশব্যাক’

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী ও রৌমারী উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে নারী–শিশুসহ ৪৪ জনকে বাংলাদেশে ‘পুশব্যাক’ করেছে ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।

বুধবার (৭ মে) ভোর রাতে ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে ১৪ জন রোহিঙ্গা এবং রৌমারী সীমান্ত দিয়ে ২২ জন রোহিঙ্গাসহ ৮ বাংলাদেশিকে ‘পুশব্যাক’ করে বিএসএফ।

বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ২২ বিজিবি ও জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক।

স্থানীয় সূত্রে জানা যায়, রৌমারী উপজেলার কেন্দ্রীয় শাপলা চত্বরে ভ্যানগাড়িতে করে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে জামালপু ৩৫ বিজিবি সদস্যরা ২০ জন রোহিঙ্গাসহ ৭ জন বাংলাদেশিকে আটক করে। সেখান থেকে পালিয়ে যাওয়ার সময় রৌমারী থানা পুলিশের হাতে আরও ২ জন রোহিঙ্গা ও ১ বাংলাদেশি আটক হয়। এর মধ্যে রোহিঙ্গা পুরুষ ১৪ জন, নারী ৬ জন, শিশু ২ জন এবং ৮ জন বাংলাদেশি পুরুষকে আটক করা হয়।

এছাড়া, ভূরুঙ্গামারী উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের নতুন বাজার নামক স্থান থেকে ১৪ জন রোহিঙ্গাকে ধরে ফেলেন স্থানীয়রা। এর মধ্যে ৩ জন পুরুষ, ৩ জন নারী এবং ৮ জন শিশু–কিশোরী। পরে তাদের কুড়িগ্রাম ২২ বিজিবি সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

জামালপুর ৩৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, আটকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে তথ্য উপাত্ত সংগ্রহ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

কুড়িগ্রাম ২২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহাবুব–উল হক আটকের বিষয়টি স্বীকার করে বলেন, বিস্তারিত তথ্য প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।