ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের বহনকারী ক্যাম্পাস টু গাজিপুর রুটের ‘ক্ষণিকা’ শাটল বাসের একটি বাস দুর্ঘটনার শিকার হয়েছে। এতে অন্তত ৮ জন শিক্ষার্থী আহত হয়েছেন।
বুধবার (১৫ এপ্রিল) সকাল প্রায় ৯টার দিকে মহাখালী এক্সপ্রেসওয়ে থেকে নামার সময় এ দুর্ঘটনা ঘটে বলে জানা যায়।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। এসময় আট শিক্ষার্থীর আহত হওয়ার তথ্য প্রাথমিকভাবে জানান তিনি।
এ বিষয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমান বলেন, ঢাবির শিক্ষার্থীদের বহনকারী বিআরটিসির একটি দোতলা বাস (‘ক্ষণিকা’) এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে আসছিল। এক্সপ্রেসওয়ে থেকে নামার সময় বাসটির গতি তুলনামূলক বেশি ছিল। এ সময় চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটির সামনে থাকা একাধিক গাড়িতে ধাক্কা লাগে। এ ধাক্কায় একাধিক ব্যক্তিগত গাড়ি, একটি মাইক্রোবাস ও একটি সিএনজিচালিত অটোরিকশা ক্ষতিগ্রস্ত হয়।
ওসি বলেন, দুর্ঘটনার সময় বাসে অনেক শিক্ষার্থী ছিলেন। দুর্ঘটনায় কয়েকজন শিক্ষার্থী আহত হন।