দুর্গাপূজা: ১৭ অক্টোবরের সাপ্তাহিক ছুটি বাতিল

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
দুর্গাপূজা সামনে রেখে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য পূজার ছুটি টানা ৫ দিন নিশ্চিত করতে আগামী ১৭ অক্টোবর (শনিবার) নিয়মিত অফিস করতে হবে।

আসন্ন দুর্গাপূজা ছুটি সামনে রেখে সরকারি কর্মকর্তা–কর্মচারীদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে সরকার। পূজার ছুটি টানা ৫ দিন নিশ্চিত করতে আগামী ১৭ অক্টোবর (শনিবার) সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নিয়মিত অফিস করতে হবে।

সোমবার (৫ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

বৈঠকে দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) এক দিনের অতিরিক্ত সরকারি ছুটির প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এর ফলে পূর্বনির্ধারিত ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে সরকারি চাকরিজীবীরা টানা ৫ দিন ছুটি পাবেন।

সরকারি ছুটি তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ২০ অক্টোবর (মঙ্গলবার) মহানবমী এবং ২১ অক্টোবর (বুধবার) বিজয়া দশমীতে সরকারি ছুটি রয়েছে। এর পরদিন ২২ অক্টোবর (বৃহস্পতিবার) অতিরিক্ত ছুটি দেয়া হয়েছে। এরপর ২৩ অক্টোবর (শুক্রবার) ও ২৪ অক্টোবর (শনিবার) সাপ্তাহিক ছুটি।

ফলে ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা ৫ দিন সরকারি ছুটি ভোগ করবেন কর্মকর্তা–কর্মচারীরা।

তবে টানা এই ছুটি নিশ্চিত করতে ১৭ অক্টোবর (শনিবার) কর্মদিবস হিসেবে রাখা হয়েছে। ওই দিন সরকারি অফিস–আদালত নিয়মিত কার্যক্রম পরিচালনা করবে।

উল্লেখ্য, চলতি বছর ১০ অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিক সূচনা হবে। এরপর ১৬ অক্টোবর মহাষষ্ঠী, ১৮ অক্টোবর মহাসপ্তমী, ১৯ অক্টোবর মহাষ্টমী, ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমী পালিত হবে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More