দীপ্ত নিউজ
বাংলাদেশ

থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ও ফানুস ওড়ানো বন্ধে হাইকোর্টের নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ও ফানুস ওড়ানো বন্ধে হাইকোর্টের নির্দেশ

থার্টি ফার্স্ট নাইটে দুর্ঘটনারোধে বাসাবাড়ির ছাদ ও সব ভবন, উন্মুক্তস্থান, পার্কে আতশবাজি, পটকা ফোটানো বন্ধে কঠোর ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট অবকাশকালীন বেঞ্চ এ আদেশ দেন।

সোমবার (৩০ ডিসেম্বর) সুপ্রিম কোর্ট আইনজীবী আশরাফ উজ্জামান হাইকোর্ট সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন। রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, আইজিপি ও ডিএমপি কমিশনারকে বিবাদী করা হয়।

রিটের বিষয়ে আইনজীবী আশরাফ উজ্জামান বলেন, রিটে রাত ১১টা থেকে ১টা পর্যন্ত থার্টি ফার্স্ট নাইট উপলক্ষ্যে তীব্র সাউন্ড দিয়ে কোনো অনুষ্ঠান না করা এবং বাসা–বাড়ির ছাদে আতশবাজি–পটকা ফোটানো ও ফানুস ওড়ানো বন্ধে নির্দেশনা চাওয়া হয়েছে। এ ছাড়া থার্টি ফার্স্ট নাইট উপলক্ষ্যে রাত ১০টা থেকে সড়ক, পার্ক ও উন্মুক্ত স্থানে জনসমাগম বন্ধের নির্দেশ চাওয়া হয়েছে।

থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষ উপলক্ষে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানান, রাজধানীর সার্বিক নিরাপত্তা নিশ্চিতে অতিরিক্ত ৩ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের পাশাপাশি পরিবেশ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট থাকবেন। তারা যে কোনো জায়গায় ভ্রাম্যমাণ আদালত চালাবে।

 

এসএ