রাজধানীর তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার (২২ আগস্ট) বিকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর আওতাধীন এ থানা পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাধারণ মানুষের পুলিশি সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নির্দেশ দেন।
পরিদর্শনকালে মন্ত্রী থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অবকাঠামোগত অবস্থা এবং সাধারণ নাগরিকদের পুলিশি সেবা পাওয়ার মান সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি থানায় দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের সঙ্গেও কথা বলেন।
মন্ত্রী থানা ভবনের বিভিন্ন ফ্লোরে থাকা পুলিশ কর্মকর্তাদের প্রশাসনিক কক্ষ, ডিউটি অফিসার কক্ষ, তদন্ত কর্মকর্তাদের অফিস, হাজতখানা এবং পুলিশ সদস্যদের আবাসন ব্যারাক ও ডাইনিং স্পেস (মেস) ঘুরে দেখেন।
ব্যারাক পরিদর্শনের সময় স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে অবস্থানরত পুলিশ সদস্যদের আবাসন ব্যবস্থা, মেসের সার্বিক খাদ্যের মান এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। একই সাথে থানায় কর্মরত পুলিশ সদস্যদের নাইট ডিউটি ও শিফটিং ডিউটির সুনির্দিষ্ট সময়সূচি ও কাজের পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে মন্ত্রী তেজগাঁও থানায় সেবা নিতে আসা সাধারণ নাগরিকদের সাথেও সরাসরি কথা বলেন। জিডি (সাধারণ ডায়েরি) বা অভিযোগ জমা দিতে আসা ভুক্তভোগীদের সমস্যার কথা ধৈর্য সহকারে শোনেন।
পরে ভুক্তভোগীদের অভিযোগ দ্রুততম সময়ের মধ্যে এবং স্বচ্ছতার সঙ্গে নিষ্পত্তির জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পুলিশের মূল কাজই হলো জনগণের সুরক্ষা ও সেবা দেয়া। থানাকে প্রতিটি মানুষের আস্থা ও ভরসাস্থল হতে হবে।’
তিনি আরও বলেন, নাগরিকরা যেন নির্ভয়ে ও স্বতঃস্ফূর্তভাবে থানায় আসতে পারেন এবং কোনো মাধ্যম ছাড়া নিজের সমস্যা সরাসরি জানাতে পারেন—আমরা সেই পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর।’
পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এসএ