একদম শেষ প্রান্তে ২০২৬ বিশ্বকাপ। ২০ জুলাই শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা–স্পেন। এরইমাঝে শুরু হয়ে গেছে ২০৩০ বিশ্বকাপ নিয়ে আলোচনা।
ফুটবলের সবচেয়ে বড় আসরের শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে এক অভিনব আয়োজন করতে যাচ্ছে ফিফা। ইতিহাসে প্রথমবারের মতো ৩ মহাদেশ ও ৬টি দেশে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ।
বিশ্বকাপের ২৪তম আসরের মূল আয়োজক হবে মরক্কো, স্পেন ও পর্তুগাল। তবে ১৯৩০ সালের প্রথম বিশ্বকাপের শতবর্ষ উদযাপনের অংশ হিসেবে উদ্বোধনী ম্যাচ আয়োজন করবে দক্ষিণ আমেরিকার ৩ দেশ— উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়ে।
১৯৩০ সালের প্রথম বিশ্বকাপ ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল উরুগুয়ে রাজধানী মন্টেভিডিওর ঐতিহাসিক এস্তাদিও সেন্টেনারিও স্টেডিয়ামে। শতবর্ষ উদযাপনের অংশ হিসেবে ২০৩০ সালে সেখানে একটি উদ্বোধনী ম্যাচ আয়োজন করা হবে।
এছাড়া, আর্জেন্টিনা রাজধানী বুয়েন্স এইরেসের ‘এস্তাদিও মনুমেন্টাল‘ এবং প্যারাগুয় রাজধানী আসুনসিওনের ‘এস্তাদিও ওসভালদো ডোমিঙ্গেজ দিব স্টেডিয়ামে‘ একটি করে উদ্বোধনী ম্যাচ হবে।এরপর টুর্নামেন্টের বাকি সব ম্যাচ অনুষ্ঠিত হবে ইউরোপ ও আফ্রিকা মহাদেশে।
স্পেনে ম্যাচ হবে মাদ্রিদ, বার্সেলোনা, সেভিয়া, বিলবাও, সান সেবাস্তিয়ান, সারাগোসা, লাস পালমাস, ভ্যালেন্সিয়া ও ভিগো শহরে। পর্তুগালে ভেন্যু থাকবে লিসবন ও পোর্তো শহরে এবং মরক্কোর কাসাব্লাঙ্কা, রাবাত, মারাকেশ, আগাদির, ফেজ ও তাঞ্জিয়ার শহরে হবে ম্যাচ।
বিশ্বকাপ ম্যাচ আয়োজক হওয়ায় সুবাদে মরক্কো, স্পেন, পর্তুগাল, আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়ে সরাসরি মূল পর্বে খেলার সুযোগ পাবে।
ফিফা সূচি অনুযায়ী, ২০৩০ সালের ৮ ও ৯ জুন উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ১৩ বা ১৪ জুন মূল উদ্বোধনী অনুষ্ঠান শেষে শুরু হবে টুর্নামেন্টের বাকি অংশ। বিশ্বকাপ ফাইনাল অনুষ্ঠিত হবে ২১ জুলাই, ২০৩০। তবে ফাইনালের ভেন্যু এখনো ঘোষণা করেনি ফিফা।
২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো অংশগ্রহণ করে ৪৮ দল এবং মোট ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে ১০৪টি। এই নতুন কাঠামো সফল হওয়ায় ২০৩০ বিশ্বকাপেও একই কাঠামো বহাল থাকতে পারে। তবে, এ ব্যাপারে এখনও আনুষ্ঠানিক কিছু জানায় নি ফিফা।
এছাড়া ২০৩০ বিশ্বকাপ বাছাইপর্ব নিজ নিজ মহাদেশীয় ফুটবল সংস্থার তত্ত্বাবধানে অনুষ্ঠিত হবে। ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফা, নতুন চ্যাম্পিয়ন্স লিগ–ধাঁচের বাছাইপর্ব চালুর পরিকল্পনা করছে। অন্যদিকে উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলের সংস্থা কনকাকাফ ২০৩০ বিশ্বকাপের বাছাইপর্ব শুরু করবে ২০২৭ সালের সেপ্টেম্বর মাসে।
এসএ