সৌহার্দ্য ও উৎসবমুখর পরিবেশে ঢাকাস্থ নড়াইল জেলা সমিতি‘র হস্তান্তর, দায়িত্ব গ্রহণ ও শপথ অনুষ্ঠান শনিবার (১ আগষ্ট) সন্ধায় অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচিব জনাব মোঃ ওবায়দুর রহমান।
এতে সভাপতিত্ব করেন নড়াইল জেলা সমিতি (ঢাকা) আহ্বায়ক জনাব খবির উদ্দিন আহমেদ। অনুষ্ঠান পরিচালনা এবং আহ্বায়ক কমিটির কার্যক্রম ও রিপোর্ট উপস্থাপন করেন আহ্বায়ক কমিটি সদস্য সচিব ও ঢাকা জেলার পুলিশ সুপার জনাবা শামীমা পারভীন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকাস্থ নড়াইল জেলা সমিতি নব–নির্বাচিত সভাপতি জনাব আসজাদুর রহমান মিঠু ও ৪১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।
শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা হয়। পরে আহ্বায়ক কমিটির পক্ষ থেকে নবনির্বাচিত কমিটির নিকট আনুষ্ঠানিকভাবে দায়িত্ব, অফিসের নথিপত্র এবং হিসাবপত্র হস্তান্তর করা হয়।
প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আবুল কালাম আজাদ নব–নির্বাচিত সভাপতি ও কার্যনির্বাহী পরিষদ সদস্যদের শপথবাক্য পাঠ করান।
জনাব খবির উদ্দিন আহমেদ বলেন, নড়াইল জেলা সমিতির এ সফল যাত্রা সকল সদস্যের ঐক্য, আন্তরিকতা ও সম্মিলিত প্রচেষ্টার ফল।
সদস্য সচিব জনাবা শামীমা পারভীন বলেন, নড়াইল জেলা সমিতি শুধু দেড় হাজার নিবন্ধিত সদস্যের সংগঠন নয়, এটি নড়াইলের প্রতিটি মানুষের সংগঠন। তাই সমিতির কার্যক্রম শুধু সদস্যদের মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না। ধর্ম, বর্ণ, জাত, পেশা, আর্থিক অবস্থা, শিক্ষিত বা অশিক্ষিত, নারী বা পুরুষ, তরুণ বা প্রবীণ—কোনো বিভেদ না করে নড়াইলের প্রতিটি মানুষকে সমান দৃষ্টিতে দেখতে হবে। তাঁদের সুখে–দুঃখে পাশে দাঁড়াতে হবে।
তিনি আরও বলেন, শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তব কর্মকাণ্ডের মাধ্যমেই নড়াইল জেলা সমিতিকে একটি কার্যকর, সেবামুখী ও জনকল্যাণমূলক সংগঠনে পরিণত করতে হবে।
নব–নির্বাচিত সভাপতি জনাব আসজাদুর রহমান মিঠু নড়াইল জেলা সমিতিকে একটি আধুনিক, গতিশীল, স্বচ্ছ ও সেবামুখী সংগঠনে রূপান্তরের অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি সকল সদস্যের সক্রিয় সহযোগিতা কামনা করেন এবং ঐক্য, জবাবদিহিতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে নড়াইলের মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রধান অতিথি জনাব মোঃ ওবায়দুর রহমান বলেন, জেলার উন্নয়ন ও মানুষের কল্যাণে দল–মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নতুন নেতৃত্বের মাধ্যমে নড়াইল জেলা সমিতি শিক্ষা, সমাজকল্যাণ, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় আরও কার্যকর ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানের শেষপর্যায়ে নির্বাচন কমিশন, আপিল বোর্ডের সদস্যবৃন্দ এবং অনুষ্ঠানে বিশেষ অবদান রাখা অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
আকাশ/মাসউদ/এসএ