দীপ্ত নিউজ
জাতীয়

ট্রেনে ঈদযাত্রা: ২৫ মার্চের টিকিট মিলবে আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ট্রেনে ঈদযাত্রা: ২৫ মার্চের টিকিট মিলবে আজ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে শুক্রবার (১৪ মার্চ)। এদিন অনলাইনে বিক্রি হয়েছিল আগামী ২৪ মার্চের টিকিট।

সেই ধারাবাহিকতায় শনিবার (১৫ মার্চ) সকাল ৮টায় ২৫ মার্চ ভ্রমণের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। অগ্রিম টিকিটের শতভাগই বিক্রি হচ্ছে অনলাইনে।

যাত্রীদের সুবিধার্থে রেলওয়ের পশ্চিমাঞ্চলের ট্রেন টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের ট্রেন টিকিট দুপুর ২টা থেকে ইস্যু করা হবে।

ঈদযাত্রায় এবার ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনের মোট আসন সংখ্যা ৩৫ হাজার ৯৩৫টি।

এর আগে, রবিবার (৯ মার্চ) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অগ্রিম টিকিট বিক্রির তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৫ মার্চের টিকিট ১৫ মার্চ, ২৬ মার্চের টিকিট ১৬ মার্চ, ২৭ মার্চের টিকিট ১৭ মার্চ বিক্রি করা হবে। এছাড়া ২৮ মার্চের টিকিট ১৮ মার্চ, ২৯ মার্চের টিকিট ১৯ মার্চ এবং ৩০ মার্চের টিকিট মিলবে ২০ মার্চ।

চাঁদ দেখার উপর ভিত্তি করে ৩১ মার্চ, ১ ও ২ এপ্রিলের টিকিট বিক্রি করা হতে পারে। এছাড়া যাত্রী সাধারণের অনুরোধে ২৫ শতাংশ টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে। ঈদযাত্রার অগ্রিম টিকিট একজন যাত্রী সর্বোচ্চ একবার কিনতে এবং ৪টি আসন সংগ্রহ করতে পারবেন।

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।