শিরোনাম
দীপ্ত নিউজ
জাতীয়

টিউলিপের চিঠির বিষয়ে যা জানালেন প্রেস সচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
টিউলিপের চিঠির বিষয়ে যা জানালেন প্রেস সচিব

লন্ডন সফরকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে চেয়ে যুক্তরাজ্যের এমপি ও সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের পাঠানো চিঠি পাননি বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম।

রবিবার (৮ জুন) বিকালে গণমাধ্যমকে দেয়া বক্তব্যে তিনি বলেন, ‘আমরা টিউলিপ সিদ্দিকের কোনো চিঠি পাইনি। ৫ তারিখ থেকে আমরা ছুটিতে আছি।‘

এর আগে যুক্তরাজ্যের প্রভাবশালী গণমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানায়, ব্রিটেনে অবস্থানরত টিউলিপ সিদ্দিক তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে ‘ভুল বোঝাবুঝির অবসান ঘটাতে‘ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে চান। সেজন্য চিঠিও দিয়েছেন তিনি।

প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দেশে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। এসবের মধ্যে রয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা ৭,২০০ বর্গফুট প্লট দখলের অভিযোগও। তবে টিউলিপ ও তার আইনজীবীরা অভিযোগগুলোকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত‘ এবং ‘ভিত্তিহীন‘ বলে দাবি করেছেন। একইসঙ্গে তারা অভিযোগ করেছেন যে, বাংলাদেশ সরকারের কোনো সংস্থা তাদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করেনি।

উল্লেখ্য, অধ্যাপক মুহাম্মদ ইউনূস সোমবার (৯ জুন) যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন এবং ১৪ জুন দেশে ফিরবেন। সফরকালে তিনি রাজা তৃতীয় চার্লস, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, পররাষ্ট্রসচিব ডেভিড ল্যামিসহ যুক্তরাজ্যের শীর্ষ রাজনৈতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করবেন।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।