বিশ্বকাপের শেষ বত্রিশে আজ জাপানের মুখোমুখি হচ্ছে ব্রাজিল। হিউস্টনে বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে দুই দলের বহুল প্রতীক্ষিত এই লড়াই।
গ্রুপ ‘সি’র চ্যাম্পিয়ন হিসেবে নকআউটে ওঠা সেলেসাওদের সামনে এবার এশিয়ার অন্যতম সেরা দল জাপানের চ্যালেঞ্জ। নকআউটের মঞ্চে ভুলের কোনো সুযোগ নেই। তাই সম্ভাব্য সেরা একাদশ নিয়েই মাঠে নামতে যাচ্ছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি।
তবে ব্রাজিলিয়ান ভক্তদের জন্য স্বস্তির খবর– এই ম্যাচে তারা আরও বেশি সময় নেইমার জুনিয়রকে মাঠে দেখতে পারেন। তার চোট পুনর্বাসনের প্রক্রিয়ার প্রশংসা করে আনচেলত্তি জানিয়েছেন, ‘গত এক সপ্তাহে তার উন্নতি বেশ তাৎপর্যপূর্ণ। আগের ম্যাচে দুর্ভাগ্যজনকভাবে তিনি ১৫ মিনিটের বেশি খেলতে পারেননি। তবে তিনি এখন আরও বেশি সময় মাঠে থাকার মতো যথেষ্ট ভালো অবস্থায় আছেন।’
জাপানের বিপক্ষে একাদশ নিয়ে স্পষ্ট কোনো বার্তা না দিলেও, বেশি পরিবর্তন যে আসছে না সেই ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ, ‘আমার মনে হয় না খুব বেশি পরিবর্তন আসবে, আর এটা আমাদের শেষ অনুশীলনের সময় চূড়ান্ত হয়। দিন শেষে আমাদের ম্যাচে পূর্ণ মনোযোগ থাকা চাই। আমরা খুব কঠিন প্রতিপক্ষের সঙ্গে লড়ব। যারা খুব শৃঙ্খলিত এবং আমরা স্পষ্টভাবে জানি যে মাঠে কী করতে হবে।’
ব্রাজিলের সম্ভাব্য একাদশ
অ্যালিসন বেকার; দানিলো, মার্কিনিয়োস, গ্যাব্রিয়েল মাঘালায়েস ও ডগলাস সান্তোস; ক্যাসেমিরো, ব্রুনো গুইমারেস ও লুকাস পাকেতা; রায়ান, ম্যাথিউস কুনহা ও ভিনিসিয়ুস জুনিয়র